বাজারে এলো স্পুৎনিকের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন

আপডেট : ০৮ মে ২০২১, ০৩:৫২ এএম

রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাসের স্পুৎনিক-ভি ভ্যাকসিনের এক ডোজের একটি সংস্করণ অনুমোদন করেছেন দেশটির কর্মকর্তারা। গত বৃহস্পতিবার অনুমোদন পাওয়া এই টিকাটিকে ‘স্পুৎনিক লাইট’ নামে অভিহিত করছেন তারা। রুশ কর্মকর্তারা বলছেন, দুই ডোজের স্পুৎনিক টিকার চেয়ে এক ডোজের টিকাটি একটু কম কার্যকর। তবে এর কার্যকারিতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মান অনুসরণ করছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি টিকাটি বিশ্বের ৬০টি দেশে অনুমোদিত। তবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) এবং আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) স্পুৎনিক-ভি অনুমোদন দেয়নি।

স্পুৎনিক-ভি টিকা তৈরিতে অর্থায়ন করেছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)। আরডিআইএফ বলছে, এক ডোজের টিকাটি ৭৯.৪ শতাংশ কার্যকর। অন্যদিকে দুই ডোজের ভ্যাকসিনটির কার্যকারিতা ৯১.৬ শতাংশ।

স্পুৎনিক-ভি টিকা রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাশিয়া। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, দশ লাখ স্পুৎনিক ভ্যাকসিন আর্মেনিয়ায় পাঠানোর কথা বিবেচনা করছে মস্কো। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটিতে ইতিমধ্যে গত মাসে ১৫ হাজার ডোজ পাঠানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশও এই টিকা আমদানির কথা বিবেচনা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত