অনুপ ভট্টাচার্য্যরে শেষকৃত্য সম্পন্ন

আপডেট : ০৮ মে ২০২১, ০৪:১০ এএম

ঢাকার টিকাটুলির ভোলাগিরি আশ্রমে গতকাল শুক্রবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অনুপ ভট্টাচার্য্যরে। এ সময় ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই শিল্পীর মরদেহে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদর্শন করা হয়। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, পথনাটক পরিষদসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। করোনা পরিস্থিতির কারণে স্বল্প উপস্থিতিতে শেষকৃত্য অনুষ্ঠিত হয় বলে দেশ রূপান্তরকে জানান পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস। তিনি বলেন, ‘অল্প কয়েকজনের উপস্থিতিতে শেষকৃত্য আয়োজনটি হয়। এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।’

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় রাজধানীর আজগর আলী হাসপাতালে মৃত্যুবরণ করেন ৭৭ বছর বয়সী এই শিল্পী। অনুপ ভট্টাচার্য্যরে মেয়ের জামাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদীপ চক্রবর্তী দেশ রূপান্তরকে বলেন, কয়েক বছর ধরে ফুসফুসের জটিলতা, ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন এই শিল্পী। বৃহস্পতিবার বাসায় হঠাৎ করেই নিস্তেজ হয়ে পড়েন তিনি। পরে সন্ধ্যার দিকে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

১৯৪৫ সালে অনুপ ভট্টাচার্য্যরে জন্ম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলো’সহ বেশ কটি সমবেত গানে কণ্ঠ দেন তিনি। এ ছাড়া অনেক গানেরও সুরারোপ করেন এই গুণী শিল্পী। এর মধ্যে রফিকুল ইসলামের গাওয়া ‘বৈশাখী মেঘের কাছে’ ও মিতালী মুখার্জির কণ্ঠে ‘সুখ পাখি রে’ গান দুটি ‘জনপ্রিয়’ হয় বলে জানান অনুপ ভট্টাচার্য্যরে মেয়ে তৃষা ভট্টাচার্য্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত