লা লিগার শিরোপা নির্ধারণী ম্যাচ আজ

আপডেট : ০৮ মে ২০২১, ০৪:৫২ এএম

লা লিগায় ৩৫তম রাউন্ডের খেলা হবে আজ ও আগামীকাল। এই মৌসুমে শিরোপা নির্ধারণীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই রাউন্ডের দুটি ম্যাচ। যার একটিতে আজ ক্যাম্প ন্যুতে বার্সেলোনার মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ। ৩৪ ম্যাচে ৭৬ পয়েন্টে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৭৪ পয়েন্টে তিনে অবস্থান বার্সেলোনার। ৭৪ পয়েন্টে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ আগামীকাল খেলবে ৭০ পয়েন্ট নিয়ে চারে থাকা সেভিয়ার সঙ্গে।

আজ ম্যাচ ড্র করলেও শীর্ষে থাকবে আতলেতিকো। যদি বার্সেলোনার সঙ্গে আতলেতিকোর ম্যাচ ড্র হয় এবং পরদিন রিয়াল নিজেদের ম্যাচে জেতে সে ক্ষেত্রে সমান পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে শীর্ষে থাকবে রিয়াল। তাই আজ জয় পেয়ে নিরাপদ দূরত্বে থেকেই শীর্ষে থাকতে চাইবে ডিয়েগো সিমিওনের দল। অপরদিকে বার্সেলোনা জিতে গেলে আতলেতিকোর চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে উঠবে। সে ক্ষেত্রে রবিবার সেভিয়া ও রিয়াল ম্যাচ ড্র হলে বা রিয়াল হারলে শীর্ষেই থাকবে বার্সেলোনা। কিন্তু যদি আজ বার্সা জেতে, আগামীকাল রিয়াল জেতে, তবে ৩৫ ম্যাচে সমান ৭৭ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে শীর্ষে উঠবে রিয়াল। এমন সমীকরণের কারণেই বার্সা-আতলেতিকো, রিয়াল-সেভিয়া ম্যাচকে বলা হচ্ছে শিরোপা নির্ধারণী ম্যাচ। যদিও এরপর আরও তিনটি করে ম্যাচ বাকি থাকবে দলগুলোর। তবে সেগুলো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে। যদিও যেকোনো দল যে শীর্ষ চারে থাকা আতলেতিকো, রিয়াল, বার্সা ও সেভিয়াকে হারাতে পারে তার প্রমাণ বেশ কয়েকবার পাওয়া গেছে এই মৌসুমে।

বার্সেলোনা ও আতলেতিকো লিগে এর আগে মুখোমুখি হয়েছিল গেল নভেম্বরে। সেই ম্যাচে আতলেতিকো ১-০ গোলে হারিয়েছিল বার্সাকে। এটি লিগে বার্সার বিপক্ষে ২০১০ সালের ফেব্রুয়ারির পর প্রথম জয় ছিল আতলেতিকোর। গত মৌসুমে লিগ ম্যাচে ক্যাম্প ন্যুতে যখন এ দুই দল খেলেছিল সেই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। ক্যাম্প ন্যুতে আতলেতিকো সবশেষ জিতেছিল ২০০৬’র ফেব্রুয়ারিতে।

গেল ২৯ এপ্রিল বার্সেলোনা নিজেদের মাঠে গ্রানাদার কাছে ২-১ গোলে হেরেছে। এরপর গেল সপ্তাহে বার্সেলোনা ৩-২ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। সেটি ছিল অ্যাওয়ে ম্যাচ। এদিকে আতলেতিকো লিগে শেষ পাঁচ অ্যাওয়ে ম্যাচে জিতেছে মাত্র একটি। গত শনিবার আতলেতিকো ১-০ গোলে এলচেকে হারিয়েছিল। তার আগের চার অ্যাওয়ে ম্যাচে দুটিতে হার ও দুটি ড্র করে তারা। এ পর্যন্ত খেলা ১৭ অ্যাওয়ে ম্যাচের ৭টিতেই পয়েন্ট হারিয়েছে আতলেতিকো।

বন্ধু যখন শত্রু

বন্ধু তুমি শত্রু তুমি কথাটা যায় লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের ক্ষেত্রে। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের বন্ধুত্বের কথা ফুটবল দুনিয়ার সবারই জানা। আজ তারা মুখোমুখি হবেন ভিন্ন দুই ক্লাবের হয়ে। বিষয়টা এমন নয় যে, তারা এর আগে মুখোমুখি হননি। তবে দীর্ঘদিন পর মেসি ও সুয়ারেজ একে অপরের বিরুদ্ধে খেলবেন। ২০১৪-২০ পর্যন্ত সুয়ারেজ বার্সেলোনাতে খেলেছেন মেসির সঙ্গে। গেল মৌসুমে বার্সা থেকে আতলেতিকোতে যান সুয়ারেজ। গেল নভেম্বরে যখন সবশেষ মুখোমুখি হয়েছিল আতলেতিকো ও বার্সেলোনা তখন সুয়ারেজ করোনা আক্রান্ত ছিলেন। ফলে সুয়ারেজের খেলা হয়নি বন্ধু মেসির বিরুদ্ধে। সুয়ারেজ যে এ ম্যাচে বার্সেলোনা ক্লাবকে নিজের সামর্থ্যরে প্রমাণ আরও একবার দিতে মুখিয়ে আছেন তাতে সন্দেহ নেই। লিগে ২৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা মেসি। সুয়ারেজের গোল ১৯টি। এই মৌসুমে সবচেয়ে কম গোল হজম করেছে আতলেতিকো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত