ভ্যাকসিন আনার জোর চেষ্টা চলছে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৮ মে ২০২১, ০৬:২২ এএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমরা ভ্যাকসিন আনার জন্য চেষ্টা চালাচ্ছি। চীন ও রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি। আশা করি, খুব তাড়াতাড়ি ভ্যাকসিন পেয়ে যাব।’

গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ‘আমাদের হাতে এখনো কিছু ভ্যাকসিন আছে। ভারত থেকে ভ্যাকসিন না পাওয়ার ফলে প্রথম ডোজ বন্ধ করা হয়েছে। এর মধ্যে যদি ভ্যাকসিন না পাই, তাহলে কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়াও কঠিন হয়ে যাবে। দ্বিতীয় ডোজ যাতে দিতে পারি, তার জন্য প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। ভ্যাকসিন নিলেও করোনা আক্রান্ত হতে পারে, তবে ভ্যাকসিন নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তাকে হাসপাতালে নেওয়ার দরকার হয় না।’

মন্ত্রী আরও বলেন, ঈদ সামনে রেখে ফেরিঘাটগুলোতে মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে। এতে করে করোনাভাইরাস ছড়াতে বেশি সময় লাগবে না। বেশি সংক্রমিত হলে হাসপাতালে জায়গা থাকবে না, অক্সিজেন থাকবে না। এতে যে কী সমস্যা হবে তা বলে বোঝানো যাবে না।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সদর ও সাটুরিয়া উপজেলার দুই হাজার দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণ ও চিনি বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত