বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে জুনে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে শনিবার প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ জেমি ডে।
প্রাথমিক দলের সদস্য সংখ্যা ২৮ জন। সঙ্গে রয়েছেন পাঁচজন অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়।
বাংলাদেশ সবশেষ নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলেছে। সেই আসরের প্রায় সবাই ঠাঁই পেয়েছেন প্রাথমিক ক্যাম্পের দলে। সঙ্গে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন এবং মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম। ফিনল্যান্ড প্রবাসী বসুন্ধরা কিংসের ডিফেন্ডার কাজী তারিক রায়হানও ফিরেছেন প্রাথমিক দলে।
এ ছাড়া অনেক দিন বাদে দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার রেজাউল করিম রেজা। চলতি মৌসুমে শেখ জামাল ধানমন্ডির হয়ে দুর্দান্ত খেলার স্বীকৃতি পেলেন রেজাউল।
ফিনল্যান্ড প্রবাসী তারিক গত বছর ঢাকায় অনুষ্ঠিত নেপালের বিপক্ষে মুজিববর্ষ সিরিজে প্রথমবার জাতীয় দলে ডাক পান। তবে চোটের কারণে খেলা হয়নি তার। মাঝে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ও নেপালে অনুষ্ঠেয় তিন জাতি টুর্নামেন্টে ডাক পাননি। এবার আবার ডাক পেলেন।
তবে চলতি লিগে স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ৬ গোল করা তৌহিদুল আলম সবুজকে ডাকা হয়নি। এ ছাড়া চোটের কারণে সর্বশেষ নেপালের তিন জাতি টুর্নামেন্টের দল থেকে বাদ পড়েছেন সেন্টারব্যাক টুটুল হোসেন বাদশা।
চোটের কারণে নেই নির্ভরযোগ্য ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনও। কলকাতায় অস্ত্রোপচার শেষে দেশে ফিরে বর্তমানে বেনাপোলে কোয়ারেন্টাইনে আছেন আবাহনী লিমিটেডের এই ফরোয়ার্ড।
সোমবার শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এএফসি কাপের খেলা থাকায় বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা যোগ দেবেন পরে।
সূচি অনুযায়ী ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে, ৭ জুনে ভারতের বিপক্ষে এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে কাতারে।
২৮ সদস্যের প্রাথমিক দল
আনিসুর রহমান, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, কাজী তারিক রায়হান, শহিদুল আলম সোহেল, সোহেল রানা, সাদ উদ্দিন, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, জামাল ভূইয়া, মেহেদী হাসান, মেহেদী হাসান রয়েল, মোহাম্মদ ইমন, আশরাফুল ইসলাম রানা, মোহাম্মদ আব্দুল্লাহ, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, রেজাউল করিম, হাবিবুর রহমান সোহাগ, সুমন রেজা, মোহাম্মদ জুয়েল।
অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়
মিতুল মারমা, মোহাম্মদ আতিকুজ্জামান, ইমরান হাসান রিমন, আবু সাইদ ও ফয়সাল আহমেদ ফাহিম।
