ক্রিকেটারদের অনুশীলনে ফেরার ব্যাপারে সরকারের সঙ্গে দেনদরবার চলছে বিসিবির। শ্রীলঙ্কা ফেরত ক্রিকেটারদের কোয়ারেন্টাইন প্রক্রিয়া কমানোর আবেদন করে সফল হওয়া গেছে। ৪ মে দেশে ফেরার পর বাসায় কোয়ারেন্টাইনে থাকা তামিম-মুশফিকদের স্বাস্থ্যবিধি শিথিল করেছে মন্ত্রণালয়। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল জানালেন করোনা টেস্ট নেগেটিভ হওয়া সাপেক্ষে শ্রীলঙ্কা ফেরত ক্রিকেটাররা অনুশীলনে যোগ দিতে পারবেন। তাই খুব দ্রুত তামিমদের শ্রীলঙ্কা সিরিজের অনুশীলনে পাওয়ার আশা করছেন। কিন্তু ভারতফেরত দুজনের জন্য প্রক্রিয়াটা কঠিন। তারা করোনা টেস্টে নেগেটিভ এলেও সহসাই অনুশীলনে যোগ দিতে পারছেন না। তবে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে পেতে চেষ্টা অব্যাহত রাখছে বিসিবি। ঢাকায় ফিরে সাকিবের প্রথম কভিড-১৯ পরীক্ষা নেগেটিভ এসেছে।
তামিম-মুশফিকদের আজও অনুশীলনে যোগ দেওয়ার সম্ভাবনা কম। এদিকে, আজই ঈদের আগে অনুশীলনের শেষ দিন। ঈদের পর ১৮ মে থেকে পুরোদমে অনুশীলনে ফিরতে পারবেন বাকি ক্রিকেটাররা। সাকিব ও মোস্তাফিজদের ব্যাপারে বিসিবির চেষ্টার বিষয়ে বিসিবির সিইও জানিয়েছেন, ‘সাকিব-মোস্তাফিজের বিষয়টা একটু জটিল। তারা দুজনই কিন্তু সাধারণ যাত্রীর মতো, সাধারণ বিমানে করে, একটি করোনা টেস্ট করে এসেছেন। আমাদের বিভিন্ন স্পোর্টস ইভেন্টে যারা থাকে তারা কয়েক দফা করোনা টেস্ট করে, সঠিক প্রটোকলে থাকে। ইভেন্টের জন্য যে প্রটোকল হবে সেটা সাধারণ জনগণের সঙ্গে এক হওয়ার কথা না। এখানে আমাদের কিছু জটিলতা হচ্ছে। আমরা আশা করছি দ্রুতই ব্যাপারটা মীমাংসা করার।’
শ্রীলঙ্কা সিরিজের জন্য সম্প্রচার ক্রুরা আসবেন ভারত থেকে। তাদের কোয়ারেন্টাইন প্রক্রিয়া নিয়েও জটিলতা হচ্ছে। ‘তাদের বিষয়টা অবশ্যই একটা চ্যালেঞ্জ। ভারতীয়দের আনা খুব জটিল হলে আমরা অন্যান্য অপশন নিয়েও ভাবছি। চেষ্টা রয়েছে, প্রয়োজনে অন্য দেশ থেকে ক্রু এনে খেলাগুলো চালানো। তবে সিরিজ পেছানো বা এ ধরনের কোনো সম্ভাবনা আমরা এখন দেখছি না’ জানিয়ে বিসিবি সিইও বলেছেন, শ্রীলঙ্কা দলের জন্য ৩ দিনের কোয়ারেন্টাইন বিধিই থাকছে।
