বাংলাদেশের ঘাটতির শেষ নেই যেন। প্রতি সিরিজেই নতুন ঘাটতি দেখা যায়। নিউজিল্যান্ডের ব্যাটিং ব্যর্থতার সঙ্গে যোগ হয়েছিল বাজে ফিল্ডিং। একই কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও ভুগতে হয়েছে। তাই এবার ফিল্ডিংয়ে বাড়তি নজর দেওয়া হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে দেশের ওয়ানডে সিরিজে ফিল্ডিংয়ের ভুল করতে চায় না বাংলাদেশ।
নিউজিল্যান্ডে সিরিজের আগে লম্বা সময় অনুশীলন করেছিল দল। তবুও সিরিজে খুব ভালো ফল আসেনি। এবার নিজেদের মাটিতে সিরিজ। তার আগে ভালো অনুশীলন সেশন হচ্ছে। সঙ্গে সাকিব আল হাসানের ফেরা। সব মিলিয়ে শ্রীলঙ্কা সিরিজে ভালো করার আশা আফিফ হোসেনের। তবে গত দুই সিরিজে ফিল্ডিংয়ের ঘাটতি পোষাতে চায় বাংলাদেশ। আফিফ জানান, ‘নিউজিল্যান্ডে আমাদের ফিল্ডিংটা তেমন একটা ভালো হয়নি। এবার আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে। প্রত্যেক অনুশীলন শেষে আমাদের ফিল্ডিং সেশন থাকছে। তো ওখানে চেষ্টা করছি যাতে ভালো কিছু করতে পারি এবং ম্যাচে যাতে ভুলের পুনরাবৃত্তি না হয়।’
