জিতলেই শিরোপা নিশ্চিত, এমন সমীকরণ সামনে রেখে গতকাল ইতিহাদে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হয়েছিল চেলসির। কিন্তু চেলসির কাছে হারে শিরোপার জন্য অপেক্ষা বাড়ল সিটির। চেলসি ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দলকে। ৩৫ ম্যাচে ৮০ পয়েন্টে শীর্ষেই রইল ম্যানসিটি। জয়ের ফলে সমান ম্যাচে ৬৪ পয়েন্টে চেলসি উঠে এসেছে তিনে। আজ অ্যাস্টন ভিলার মাঠে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানইউ ম্যাচটি হারলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে সিটির।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। কিন্তু গোল পাচ্ছিল না কোনো দল। ৪৪ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিক ম্যানসিটি। ৪৫ মিনিটের সময় পেনাল্টি পেয়েছিল সিটি। স্পট কিকে সার্জিও আগুয়েরোর পেনেনকা শট ঠেকাতে কষ্ট হয়নি চেলসি গোলকিপার এদুয়ার্দো মেন্দির। ৬৩ মিনিটে গোল শোধ দেয় চেলসির হাকিম জিয়েচ। দ্বিতীয়ার্ধে চেলসির গোল ভিএআরে বাতিল হয় অফসাইডের কারণে। গোলের জন্য দু’দলই আক্রমণ করে। পুরো ম্যাচে ম্যানসিটি শট নেয় ১৬টি, চেলসি ১২টি। ম্যাচের ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে মার্কোস আলোনসোর গোলে জয় নিশ্চিত হয় চেলসির।
একই দিনে লিডস ইউনাইটেড ৩-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পর্সকে।
