খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, আজ ভিসার আবেদন

আপডেট : ০৯ মে ২০২১, ০৬:৩০ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি হিসেবে আজ রবিবার তার পাসপোর্ট পেলে ভিসার জন্য আবেদন করবে পরিবার। খালেদা জিয়ার এক স্বজন গতকাল শনিবার দেশ রূপান্তরকে এ কথা জানান। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, আইন মন্ত্রণালয় থেকে মতামত শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের মতামত জানিয়ে দেবে।

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন গতকাল দেশ রূপান্তরকে বলেন, খালেদা জিয়া এখনো করোনামুক্ত হননি।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার শ্বাসকষ্ট এখনো রয়েছে। তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তবে অক্সিজেন কম লাগছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।’

খালেদা জিয়ার ওই স্বজন বলেন, ‘ভিসার জন্য খালেদা জিয়াসহ অন্যদের পাসপোর্ট রবিবার হাইকমিশনে জমা দেওয়া হবে। ভিসা ও সরকারের অনুমতি পাওয়ার পর চূড়ান্ত প্রস্তুতি নেবেন তারা।’

এর আগে গত বুধবার রাতে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ভাই শামীম ইস্কান্দার। তখন তিনি সাংবাদিকদের বলেন, ‘ডাক্তাররা তার বোন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়ার পর তারা সরকারের কাছে এই আবেদন করেছেন।’ পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আবেদনটিকে সরকার ইতিবাচকভাবেই দেখছে। এর আইনগত দিক পরীক্ষা করে দেখার জন্য আবেদনপত্রটি ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোভাবও ইতিবাচক।’

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেদিন তার বাসভবন ফিরোজায় আরও আটজন ব্যক্তিগত স্টাফও করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। পরে ২৭ এপ্রিল সিটি স্ক্যান করাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এরপর ৩ মে সকালের দিকে খালেদা জিয়া শ্বাসকষ্ট অনুভব করলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত