রাজধানীর সবুজবাগ মায়া কানন এলাকার একটি বাসা থেকে দীপঙ্কর বরুয়া সাগর (১৪) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডেমসা বরুয়াপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী সবুজ বরুয়ার দুই সন্তানের মধ্যে সে ছিল বড়। থাকত মায়া কানন ৩/৪ নম্বর একটি ৫ম তলা ভবনে ভাড়া বাসায়।
দীপঙ্কর বরুয়ার বাবা সবুজ বরুয়া জানান, তিনি খিলগাঁও বাজারে মাছের ব্যবসা করেন। দীপঙ্কর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র। ১৫-২০ দিন আগে সে একটি স্মার্ট ফোন কিনে দিতে বলছিল। এখন টাকা না থাকায় ঈদের পর কিনে দেবে বলে আসছিলেন তিনি। এরপর মেনেও নিয়েছিল সে। আর কোনো কথাও বলেনি। এমনিতেও সব সময় চুপচাপ থাকত। বাসাই থাকত বেশিরভাগ সময়।
তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি স্ত্রীকে নিয়ে বাসার বাইরে যান। এরপর সন্ধ্যা ৭টার দিকে ফোনে কথাও হয় দীপঙ্করের সঙ্গে। সবশেষ রাত ১০টার দিকে তারা বাসায় ফিরে দেখেন তার রুমের ফ্যানের সঙ্গে মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে।
