ভৈরবে খাবার তৈরি দুই কারখানাকে জরিমানা

আপডেট : ০৯ মে ২০২১, ০২:৪৬ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে আরফা ফুড প্রডাক্টস ও সিয়াম ফুড প্রডাক্টস নামের দুটি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকালে কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে ওই দুটি কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন ভৈরব উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. রুহুল আমিন ও পৌরসভার নিরাপদ খাদ্য-পরিদর্শক নাসিমা বেগম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শহরের কমলপুর নিউ টাউন এলাকার আরফা ফুড প্রডাক্টস নামের একটি সেমাই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার দায়ে কারখানাটির মালিক মাহবুবা ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে একই এলাকার সিয়াম ফুড প্রডাক্টস নামের অপর একটি কারখানায় দেশের নামকরা কোম্পানীর লেভেল ও প্যাকেট ব্যাবহার করে নকল এবং ভেজাল শিশুখাদ্য তৈরি করার অপরাধে মালিক রিনা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এ প্রসঙ্গে কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, অস্বাস্থ্য ও নোংরা পরিবেশ এবং ভেজাল-নকল পণ্য উৎপাদন করার অপরাধে কারখানা দুটিকে জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য সুনিশ্চিত করতে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত