বিশ্ব ‘মা’ দিবস আজ। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবারকে বিশ্ব ‘মা’ দিবস হিসেবে পালন করা হয়। যদিও কোনো একটা দিন মায়েদের জন্য স্পেশাল হয়না। মায়েদের জন্য বছরের ৩৬৫টা দিনই স্পেশাল। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তারা তাদের স্নেহের আঁচলের তলায় নিজের সন্তানদের আগলে রাখেন। নিজের ভালোবাসায় বড় করে তোলেন।
তাই বলা যায় বছরের প্রতিটা দিনই মা দিবস হিসেবে পালন করা যায়। এরপরও আনুষ্ঠানিকভাবেই যেহেতু দিনটা ‘মা’ দিবস, তাই এই দিনটা তো একটু আলাদাই। বিভিন্ন জগতের তারকারা এই দিনটা নিজেদের মতো করেই উদ্যাপন করছেন। ভালোবাসা ও মমতায় অনেকেই মায়ের প্রতি ভালোবাসা জানাচ্ছেন। এই তালিকায় আছেন বাংলাদেশের ক্রিকেটাররাও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের সাথে ছবি পোস্ট করে নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা।
বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘সকল মা’য়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।’
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘সকল মায়ের জীবন হোক সুখের। সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরো সুন্দর। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেন, ‘মা দিবসের শুভেচ্ছা। পৃথিবীর সকল মায়েদের স্যালুট।’
বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ৩৪তম জন্মদিন আজ। দিনটি আবার ‘মা’ দিবসও। তাই আজকের দিনটি মুশফিকের জন্য বিশেষ কিছু।
মুশফিক তার ফেইসবুক বার্তায় লিখেছেন, ‘সবাইকে সালাম ও মা দিবসের ভালোবাসা এবং শুভেচ্ছা। এ বছরটা একটু ব্যতিক্রম। আমি জানি অনেকেই তার মাকে হারিয়েছেন এই অতিমারিতে, আবার আমাদের অনেকেই ভাগ্যবান যে তাদের মা এখনো পাশে আছেন ছায়া হয়ে। আসুন সবাই যার যার মাকে নিয়ে প্রতিটি মুহূর্ত এমনভাবে কাটাই, যেন তারা কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সেটা একটু হলেও বোঝানো সম্ভব হয়। সব মা’রাই এটার দাবিদার। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’
