করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার মধ্যে আসন্ন ঈদুল ফিতরে বাড়ি যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঈদে ঘরমুখো লোকজনের উদ্দেশে বলেন, ‘প্রত্যেকে যার যার অবস্থানে থেকে ঈদ করুন। একটা ঈদ বাড়িতে না করলে কী হয়?’
তিনি সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
গতকাল রবিবার পূর্বাচল প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের প্লট বুঝিয়ে দেওয়ার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ অনুষ্ঠানে যুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাসের নতুন আরেকটি ভ্যারিয়েন্ট এসেছে যেটা আরও বেশি মারাত্মক। এতে যারা সংক্রমিত হয় তারা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে মারা যান। যে কারণে সবাইকে সতর্ক থাকতে হবে। কেননা পার্শ্ববর্তী দেশে এ ভাইরাস আক্রমণ করেছে। আর প্রতিবেশী আক্রান্ত হলে তা থেকে দূরে থাকা কঠিন হয়ে যায়। তাই সবাইকে বলব, নিজ নিজ অবস্থানে থেকে ঈদ করুন। কেননা বাড়ি যাওয়ার পথে কে ভাইরাস বহন করছেন, কে করছেন না, তা আমরা কেউ জানি না। কাজেই বাড়ি যাওয়ার পথে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই বলব, বাড়ি যাওয়া থেকে বিরত থাকুন। কেননা যাওয়ার পথে আপনি ভাইরাস বহন করে নিয়ে যেতে পারেন আপনার পরিবারের কাছে। যাতে করে আপনার মা-বাবা ভাই-বোনসহ পরিবারের সদস্যরা আক্রান্ত হতে পারে। তাই আগে থেকেই সতর্ক থাকতে হবে। সবাইকে সুরক্ষিত থাকতে হবে। নিজে সুরক্ষিত থেকে অন্যদের সুরক্ষিত রাখতে হবে। সতর্ক থাকতে হবে। মাস্ক পরতে হবে।’
সরকার প্রধান বলেন, ‘রমজান মাস, আল্লাহর কাছে দোয়া করেন যেন এই করোনাভাইরাস থেকে আমাদের দেশ মুক্তি পায়, দেশের মানুষ যেন মুক্তি পায় আর যেন প্রাণহানি না হয়। শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী এই করোনার জন্য কত মানুষ মারা যাচ্ছে। আমাদের প্রতিবেশী দেশে প্রতিদিন কত লোক মারা যাচ্ছে এবং এই প্রতিবেশী দেশে যখন হয় স্বাভাবিকভাবে তখন আমাদের দেশে আসার একটা সম্ভাবনা থাকে। সেজন্য আগে থেকেই আমাদের সুরক্ষিত থাকতে হবে। নিজেদের সেভাবে চলতে হবে, যেন আপনারা সবাই করোনাভাইরাস থেকে বেঁচে থাকতে পারেন।’
## পূর্বাচল নিয়ে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে যারা বিত্তশালী তারা প্লট কেনেন। ভালো ভালো দৃষ্টিনন্দন বাড়িঘর বানান। যখন পূর্বাচল শুরু হলো, তখন আমি দেখেছি... এমনকি গুলশান, বারিধারায় বিশাল বিশাল অট্টালিকাও যাদের, তাদেরও পূর্বাচলে একটা প্লট না থাকলে নাকি ইজ্জতই থাকে না। এই রকমও কিছু কিছু মানুষের মানসিকতা আমি দেখেছি।’
সরকার প্রধান বলেন, ‘যাদের এত বিশাল বিশাল অট্টালিকা, বাড়িঘর ফ্ল্যাট সবই আছে, তাদের আরও লাগবে কেন? মরলে তো সবাইকে যেতে হবে সেই কবরে মাত্র তিন হাত-সাড়ে তিন হাত জায়গায়। এই ধনসম্পদ কেউ সঙ্গে নিয়ে যেতে পারবে না। এই কথাটা মানুষ কেন ভুলে যায় আমি জানি না।’
পূর্বাচল সম্পর্কে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পূর্বাচল একটি পরিকল্পিত শহর। আমরা শুধু ঢাকা শহরকে কেন্দ্র করে না প্রতিটি বিভাগ এবং জেলায়ও এ ধরনের পরিকল্পিত বাড়ি যেন মানুষ করতে পারে, উন্নত জীবন পায়, প্রত্যেকটা গ্রামের মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে সেই চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাব।’
প্লটপ্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের হাতে আপনাদের প্রাপ্য তুলে দিতে পেরেছি এটা আমার জন্য সত্যি আনন্দের। আমরা পরিকল্পনা নিয়েছি একটি মানুষ গৃহহীন থাকবে না। যেটুকু পারি যেভাবে পারি মানুষের জন্য করার সেটা আমরা করে দেব। প্রত্যেকটা ঘরেই বিদ্যুৎ থাকবে আলো জ্বলবে। প্রতিটি পরিবারেই শিক্ষিত মানুষ থাকবে লেখাপড়া শিখবে। সেই লেখাপড়া শুধু কিতাবি পড়া না সঙ্গে সঙ্গে ভোকেশনাল ট্রেনিং নেবে কারিগরি শিক্ষা নিতে হবে যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয়। শুধু বিএ এমএ পাস করলে হবে না চাকরির পেছনে ছুটলে হবে না নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে হবে, নিজেরা চাকরি দিতে পারে সেভাবে নিজেদের কাজ করতে হবে। আমরা সেভাবেই সমাজকে গড়ে তুলতে চাই।’
অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ অধিবাসী ও ক্ষতিগ্রস্তদের হাতে প্লটের বরাদ্দপত্র তুলে দেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র প্রান্তে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেন, মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূর্বাচলে ক্ষতিগ্রস্তরা পেলেন ১৪৪০ প্লট : রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার আরও ১ হাজার ৪৪০ জন সাধারণ ক্ষতিগ্রস্ত ও মূল অধিবাসীকে তিন কাঠা আয়তনের একটি করে প্লটের বরাদ্দপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ নিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় সাধারণ ক্ষতিগ্রস্ত ও মূল অধিবাসী কোটায় প্লটের বরাদ্দপত্র বুঝে পেলেন মোট ৭৮৮২ জন। নতুন করে প্লটপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ জেলার ১০০ জন মূল অধিবাসী এবং গাজীপুর জেলার ৪৪১ জন সাধারণ ক্ষতিগ্রস্ত ও ৮৯৯ জন মূল অধিবাসী। প্লটপ্রাপ্তদের নামের তালিকা রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) ওয়েবসাইটে পাওয়া যাবে।
রাজউকের ০১/২০২১তম বোর্ডসভায় পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ অংশের মূল অধিবাসী ক্যাটাগরিতে ২২৪ জন আবেদনকারীর মধ্যে প্লট বরাদ্দসংক্রান্ত যাচাই-বাছাই কমিটি কর্র্তৃক বৈধ হিসেবে বিবেচিত ১০০ জন, গাজীপুর অংশে মূল অধিবাসী ক্যাটাগরিতে ১৮৬০ জন আবেদনকারীর মধ্যে ৮৯৯ এবং গাজীপুর সাধারণ ক্ষতিগ্রস্ত ক্যাটাগরিতে ১৪৭০ জন আবেদনকারীর মধ্যে ৪৪১ জনকে বৈধ হিসেবে বিবেচনা করে প্রত্যেককে একটি করে তিন কাঠা আয়তনের প্লটের সাময়িক বারাদ্দ প্রদানের সুপারিশ করা হয়।
উল্লেখ্য, রাজধানী শহর ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলানো ও এর বাসযোগ্যতা বজায় রাখার লক্ষ্যে ১৯৯৫ সালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষ পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজ শুরু করে। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ১৯৯৬-২০০৯ পর্যন্ত সময়ের মধ্যে ৬ হাজার ২২৭.৩৬ একর ভূমি অধিগ্রহণ করা হয়। এ অধিগ্রহণের ফলে বিপুলসংখ্যক মানুষ আশ্রয়হীন/ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত এসব মানুষ তাদের যথাযোগ্য পুনর্বাসনের দাবিতে আন্দোলন শুরু করলে প্রকল্প কর্র্তৃপক্ষের সঙ্গে তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হয়Ñযা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এসময় প্রকল্প কর্র্তৃপক্ষের সঙ্গে স্থানীয় অধিবাসীদের সংঘর্ষে একজন প্রাণ হারান। ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
সে প্রেক্ষিতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে প্রকল্প এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় বসলে আন্দোলনকারীদের উপযুক্ত পুনর্বাসনের আশ্বাস দেন। পরবর্তীকালে ২০০৮ সালের জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকার গঠন করে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর পরই তিনি তার প্রতিশ্রুতির পূর্ণাঙ্গ বাস্তবায়নে জোর তৎপরতা শুরু করেন। ইতিপূর্বে সাধারণ ক্ষতিগ্রস্ত ও মূল অধিবাসী হিসেবে প্রকল্প এলাকায় প্রত্যেককে তিন কাঠা আয়তনের প্লট বরাদ্দ দিয়ে ৬৪৪২ জনকে পুনর্বাসন করা হয়েছে।
গতকাল প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে অবশিষ্ট ১৪৪০ জন মূল অধিবাসী ও ক্ষতিগ্রস্তকে প্লটের বরাদ্দপত্র প্রদানের মাধ্যমে মোট ৭৮৮২ জনকে পুনর্বাসনের মাধ্যমে তার সেই প্রতিশ্রুতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হলো।
