দ্বিতীয় দফায় মেট্রোরেলের ছয়টি রেলওয়ে কার (কোচ) নিয়ে জাপানের কোবে বন্দর থেকে আসা বিদেশি জাহাজ এমভি ওশান গ্রেস গতকাল রবিবার দুপুর সোয়া ১২টার দিকে মোংলা বন্দরে পৌঁছেছে। এরপর বন্দরের ৭ নম্বর জেটিতে জাহাজটি থেকে রেলওয়ে কার নামানোর কাজ শুরু হয়। এরপর নদীপথেই দুটি বার্জে করে এ ছয়টি কার নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে।
গতকাল এমভি ওশান গ্রেসের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান বলেন, গতকাল ছয়টি রেলওয়ে কার মোংলা বন্দরে পৌঁছানোর পর খালাস কাজ শুরু হয়েছে। চলতি বছরে কার নিয়ে আরও তিন-চারটি জাহাজ আসার কথা রয়েছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে প্রথম ও দ্বিতীয় চালান বাদে ২২টি জাহাজে আরও ১৩২টি কোচ আসবে। মোট কোচ আসবে ১৪৪টি। যার মধ্যে দুই দফায় এসেছে ১২টি।
