ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি নির্বাচিত হয়েছেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন।
গতকাল রবিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি ২০২১-২৩ মেয়াদে পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন। নতুন পর্ষদে জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন সংগঠনটির সাবেক সহ-সভাপতি ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। মতিঝিলে এফবিসিসিআই আইকন টাওয়ারে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ। নির্বাচনী বোর্ড সভাপতি ও জ্যেষ্ঠ সভাপতির সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংগঠনের অ্যাসোসিয়েশন ও চেম্বার গ্রুপ থেকে তিন জন করে মোট ছয় জন সহ-সভাপতির নামও ঘোষণা করে। অ্যাসোসিয়েশন গ্রুপের তিন সহ-সভাপতি হলেনÑ কালি প্রস্তুতকারক মালিক সমিতির এম এ মোমেন, বারভিডার সাবেক সভাপতি ও লেদারগুডস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের হাবিব উল্লাহ ডন এবং মুদ্রণ শিল্প সমিতির আমিন হেলালী।
চেম্বার গ্রুপের তিন সহ-সভাপতি হলেন ময়মনসিংহ চেম্বারের সভাপতি ও সড়ক পরিবহন সমিতির সহ-সভাপতি আমিনুল হক শামীম, মিনিস্টার হাইটেক পার্কের চেয়ারম্যান ও মেহেরপুর চেম্বারের এম এ রাজ্জাক খান রাজ এবং পিরোজপুর চেম্বার থেকে পোশাকশিল্প প্রতিষ্ঠান লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর।
