আইপিএলের বাকি ম্যাচগুলো ভারতে হবে না: সৌরভ

আপডেট : ১০ মে ২০২১, ০১:৫৮ পিএম

করোনাভাইরাসের কারণে মাঝপথে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশ ভারতে আয়োজন সম্ভব না বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি।

স্পোর্টস্টার ম্যাগাজিনকে সৌরভ বলেছেন, ‘কোয়ারেন্টাইন নিয়ে অনেক সমস্যা। এটি ভারতে এখন সম্ভব নয়।’

গত ৪ মে কয়েকজন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর স্থগিত করে দেওয়া হয় আইপিএলের চলমান আসর। ভারতে করোনাভাইরাসের চরম খারাপ অবস্থায় দৈনিক আক্রান্ত হচ্ছেন ৪ লাখের বেশি মানুষ, মৃত্যু হচ্ছে ৪ হাজারের বেশি।

চলতি বছর অক্টোবর-নভেম্বরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে স্লট খুঁজে পাওয়াও ভারতের জন্য কষ্টকর।

সৌরভের ভাষায়, ‘এই কোয়ারেন্টাইন সামলানো খুব কঠিন। কীভাবে আইপিএলের জন্য স্লট বের করব এটা এত তাড়াতাড়ি বলতে পারছি না।’

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব ওয়ারউইকশায়ার, সারে ও মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) সেপ্টেম্বরে আইপিএল আয়োজনের আগ্রহ দেখিয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স বিসিসিআই কর্তাদের বরাতে জানায়, এ ব্যাপারে এখনো নিজেদের মধ্যে আলাপ করেনি বিসিসিআই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত