তাণ্ডবের বিচার চাওয়া হেফাজত নেতা কাসেমীর দায় স্বীকার!

আপডেট : ১১ মে ২০২১, ০৪:০৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনায় বিচার চেয়ে পদত্যাগ করা কেন্দ্রীয় হেফাজত নেতা মুফতি আবদুর রহিম কাসেমী এবার নিজেই তাণ্ডবে জড়িত থাকার দায় স্বীকার করেছেন। নিজের ‘সম্পৃক্ততার’ কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। গত রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন কাসেমী।জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে হেফাজতের তাণ্ডবের জেরে এবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি নাজমুল আহমেদকে বদলি করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়। অন্যদিকে হেফাজতের তাণ্ডব চলাকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় মো. তুষার হাসান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেওয়া মুফতি আব্দুর রহিম কাসেমী হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিলুপ্ত কমিটির সদস্য ছিলেন। গত ২৩ এপ্রিল তিনি সংগঠনের সব পদ থেকে পদত্যাগ করেন। গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তিও দাবি করেন তিনি। গত ৪ মে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর থেকে পুলিশ তাকে আটক করে। এরপর তাকে পুলিশ সুপারের কার্যালয় ও ২ নম্বর পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৫ হাজার জনকে আসামি করে ওই মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ কাসেমীকে ৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক মোহাম্মদ ইকবাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘তাণ্ডবের ঘটনায় কাসেমী নিজের দায় স্বীকার করেছেন। তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসাইনের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি মোড় থেকে মৎস্য ভবন এবং শহরে ভাঙচুর ও অগ্নিসংযোগে যারা বিভিন্নভাবে ইন্ধন ও উসকানি দিয়েছেন এবং সহযোগিতা করেছেন জবানবন্দিতে তাদের নাম বলেছেন কাসেমী।’

অন্যদিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. লোকমান হোসেন বলেন, ‘কাসেমী তার নিজের দোষ স্বীকার করে যাদের নির্দেশে সরকারি অফিস ভাঙচুর করা হয়েছে তাদের নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার স্বীকারোক্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতিদের পূর্বাপর অনেক তা-ব ও হামলা-ভাঙচুরের ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার দেওয়া সব তথ্য আমরা যাচাই-বাছাই করছি।’

বিজিবির গাড়ি ভাঙচুরকারী যুবক গ্রেপ্তার : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের কর্মী-সমর্থকদের তাণ্ডব চলাকালে বিজিবি সদস্যদের বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় মো. তুষার হাসান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সমবায় মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির দাবি, তুষার হেফাজতে ইসলামের সমর্থক। ঘটনার সময় তিনি মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। তবে বিএনপি নেতারা জানান, তুষার হাসান সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক। তার মা মনোয়ারা বেগম সদর উপজেলা মহিলা দলের সভাপতি।

তুষার জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বড়পুকুরপাড় এলাকার প্রয়াত আলমগীর হাসানের ছেলে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘরে ভাড়া বাসায় থাকে তুষারের পরিবার।

সরাইলের ওসিকে বদলি : হেফাজতের তান্ডবের জেরে এবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি নাজমুল আহমেদকে বদলি করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে বরিশাল রেঞ্জে যুক্ত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘ওসি নাজমুলকে সরাইল থেকে বদলি করে বরিশাল রেঞ্জে যুক্ত করা হয়েছে। তবে সরাইলের নতুন ওসির জায়গায় এখনো কাউকে পদায়ন করা হয়নি।’

এর আগে হেফাজতের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের এক মাস পূর্ণ হওয়ার দিন গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আবদুর রহিমকে রংপুর রেঞ্জে সংযুক্তের আদেশ দেয় পুলিশ সদর দপ্তর। এরপর ২৭ এপ্রিল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেনকে গাজীপুর ও জেলা পুলিশের বিশেষ শাখার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরীকে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) বদলি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত