রাজধানীর নীলক্ষেতে বিশেষ অভিযান পরিচালনা করে ভুয়া জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার দুজন হলেন মো. মহসিন প্রধান (৪২) ও মো. জুয়েল রানা (২৮)।
গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট জাল করে নাম-ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ভুয়া নকল ও জাল সার্টিফিকেট প্রস্তুত করে থাকে। সার্টিফিকেট অর্ডারের মাত্র আধা ঘণ্টার মধ্যেই তারা জাল সার্টিফিকেট প্রস্তুত করে দিত।
গতকাল সোমবার র্যাব-১০-এর লালবাগ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ভুয়া জাল সার্টিফিকেট তৈরি করার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় মহাসিন প্রধান ও জুয়েল রানাকে। তারা বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট জাল করে নাম-ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ভুয়া নকল ও জাল সার্টিফিকেট প্রস্তুত করে থাকে। সার্টিফিকেট অর্ডারের মাত্র আধা ঘণ্টার মধ্যেই তারা জাল সার্টিফিকেট প্রস্তুত করে দিত।
