সিএমপি-বিদ্যানন্দ

‘এক টাকায় ঈদ আনন্দ’

আপডেট : ১১ মে ২০২১, ০৪:১৬ এএম

মহামারী করোনাভাইরাসের সংকটকালে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-বিদ্যানন্দ ফাউন্ডেশন। সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের মুখে হাসি ফোটাতে সিএমপি-বিদ্যানন্দের যৌথ উদ্যোগে ‘এক টাকায় ঈদ আনন্দ’ কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল সোমবার সকালে নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকার একটি কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এই আয়োজনটির উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবক প্রধান কিশোর কুমার দাশ। সেখানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপকমিশনার (দক্ষিণ) বিজয় বসাকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রধান স্বেচ্ছাসেবক কিশোর কুমার দাশ জানান, জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ঈদ আনন্দকে ছড়িয়ে দিতে রাজবাড়ী কনভেনশন সেন্টারে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। জাকাত কিংবা দান নয়, নিজেদের টাকায় অসহায় ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষজন তাদের ঈদের পোশাক কেনার সুযোগ পাচ্ছে। এক টাকার বিনিময়ে শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের জন্য ছিল এই আয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত