নিষেধাজ্ঞা অমান্য

চাঁদপুরে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১১ মে ২০২১, ০৫:০১ এএম

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রাখায় বিভিন্ন শপিং সেন্টারে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় রাত ৮টার পরে দোকান খোলা রাখার দায়ে ছয়টি ব্যবসায় প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত রবিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত শহরের রেলওয়ে হর্কাস মার্কেট, সেবা সিটি সেন্টার, হাকিম প্লাজা, পূরবী মার্কেট, জোড়পুকুরপাড় এলাকার মীর শপিং সেন্টার, কালীবাড়ি এলাকার মদিনা মার্কেট, মিয়া ম্যানশন, পালবাজার এলাকার পৌর মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে এ অভিযান চালানো হয়।

অভিযানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাত ৮টার পরে দোকান খোলা রাখায় রেলওয়ে হর্কাস মার্কেটের এম আর ফ্যাশনকে ২ হাজার, অহনা সুজকে ১ হাজার, কালীবাড়ি এলাকার টপ কালেকশনকে ৩ হাজার, ওয়াকার ফুট ওয়ারকে ১ হাজার, পালবাজার এলাকার পৌর মার্কেটের আইমুন ফ্যাশন অ্যান্ড গার্মেন্টসকে ২ হাজার এবং স্মার্ট কালেকশনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এনডিসি মো. মেহেদী হাসান মানিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উজ্জ্বল হোসেন। এ সময় চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে এনডিসি মো. মেহেদী হাসান মানিক বলেন, প্রশাসন থেকে বারবার সতর্ক করার পরেও সরকারি নির্দেশ অমান্য করে নির্ধারিত সময়ের পর ব্যবসায় প্রতিষ্ঠান খোলা রাখায় ছয়টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শহরের বিভিন্ন শপিং সেন্টারগুলো পর্যবেক্ষণে পুলিশের ১০টি টিম কাজ করছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত