সাতক্ষীরার দেবহাটায় স্বামী কর্তৃক স্ত্রী তাসলিমা খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার সুশীলগাতি এলাকার একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, পিটিয়ে হত্যার পর তার মরদেহ আম বাগানে ফেলে পালিয়েছে স্বামী আজিবর রহমান। নিহতের মাথা, ঘাড় ও পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত তাসলিমা খাতুন (৪৫) দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের আজিবর রহমান আজুর স্ত্রী ও একই উপজেলার বেজোরাটি গ্রামের জমাত আলীর মেয়ে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাসলিমার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের উপর পাতালতা দেয়া ছিল। তাসলিমার পিতৃপরিবার থেকে শোনা গেছে- স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল, খেতমজুর করে স্ত্রীকে আয় রোজগার করতে চাপ দিতেন স্বামী আজু, প্রায়শই ইচ্ছামতো পেটাতেন স্ত্রীকে। কী কারণে মারা গেছে তা তদন্ত করা হচ্ছে।
ওসি বলেন, আজু পালিয়ে গেছে, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনা স্পষ্ট হতে পারে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
