ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৬ দিন বন্ধ

আপডেট : ১১ মে ২০২১, ০২:৫৯ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ঈদ-উল ফিতর উপলক্ষে আগামী ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকছে।

মঙ্গলবার দুপুরে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুন আমীন বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে বুড়িমারী স্থলবন্দর  ইমিগ্রেশন দিয়ে হাইকমিশনের এনওসি বা অনুমতি নিয়ে আসা পাসপোর্টধারী যাত্রী চলাচল অব্যাহত থাকবে বলে বন্দর সূত্র নিশ্চিত করেছে।

বুড়িমারী স্থলবন্দর সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন যৌথ আলোচনাসভায়  ঈদ-উল ফিতর উপলক্ষে আগামীকাল বুধবার থেকে সোমবার (১৭ মে) পর্যন্ত ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়ে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস্, বন্দর কর্তৃপক্ষ, ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় চ্যাংরাবান্ধা আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে।

এ কারণে বুড়িমারী স্থলবন্দর দিয়ে এ সময় পর্যন্ত আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৮ মে (মঙ্গলবার) বুড়িমারী স্থলবন্দর স্বাস্থ্যবিধি মেনে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। 

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ইমিগ্রেশন বন্ধের কোন নির্দেশনা না থাকলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হাইকমিশনের অনুমতি বা এনওসি নিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার হতে পারবে। তবে যারা ফেরত আসবেন তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত বলেন, পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম ছয় দিন বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস্ এর সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার জানান, ব্যবসায়ী ও পরিবহনে নিযুক্ত ব্যক্তিরা আমদানি-রপ্তানি না করলে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে এ সময় কাস্টমস্ এর অন্যান্য কার্যক্রম চলমান থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত