বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তথ্যমন্ত্রী

‘ভিন্ন উদ্দেশ্যে’ খালেদা জিয়াকে বিদেশ নিতে চেয়েছিল বিএনপি

আপডেট : ১২ মে ২০২১, ০৪:৫৫ এএম

দেশবিরোধী ষড়যন্ত্র তৎপরতা বাড়াতেই বিএনপি খালেদা জিয়াকে বিদেশ নিতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আওয়ামী মৎস্যজীবী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে তারা বিদেশ নিয়ে যেতে চান, এর আইনি কোনো সুযোগ নেই এবং তাদের বিদেশে নেওয়ার উদ্দেশ্য ভিন্ন। খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া নয়, বিদেশ যাওয়ার উদ্দেশ্য হচ্ছে রাজনীতি এবং বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে এখন যে ষড়যন্ত্র ও দেশবিরোধী কর্মকা- করা হয়, সেগুলোকে আরও তৎপর করা।’

খালেদা জিয়ার ঠিক জন্মদিন কোনটা, সেটা জনগণ জানতে চায় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমিও দেখেছি, করোনা টেস্টের রিপোর্টে খালেদা জিয়ার জন্ম তারিখ ৮ মে, ১৯৪৬ সাল। এই গোমর যখন ফাঁস হয়ে গেছে, আজকে না কি ফখরুল সাহেব সংবাদ সম্মেলন ডেকেছেন, নিশ্চয় বলেছেন, এটি সঠিক নয়। আপনাদের পাসপোর্টে একটা জন্ম তারিখ, স্কুল সার্টিফিকেটে আরেকটা, প্রধানমন্ত্রী হওয়ার পরে অন্য একটা আবার করোনা রিপোর্টে আরেকটা জন্ম তারিখÑআপনাদের ঠিক কোনটা, সেটা জনগণ জানতে চায়।’

আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. সায়ীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত