ডিপিএলের জন্য পিএসএলকে না সাকিবের

আপডেট : ১২ মে ২০২১, ০৫:১৫ এএম

আইপিএল খেলবেন বলে শ্রীলঙ্কায় বাংলাদেশের টেস্ট সিরিজ খেলেননি সাকিব আল হাসান। এবার ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার জন্য পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) না বলছেন এই তারকা ক্রিকেটার। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে জানানো হয় ডিপিএলে সাকিব ঢাকা মোহামেডানের হয়ে খেলতে চান। এজন্য অনুমতি চেয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) বরাবর দরখাস্তও দিয়েছেন সাকিব।

ঢাকার ক্রিকেটের সেরা আসর ডিপিএল শুরু হবে ৩১ মে। এদিকে জুনে শুরু হওয়ার কথা পিএসএলের। এবার টুর্নামেন্টের দ্বিতীয় নিলাম থেকে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিব লাহোর কালান্দারসে ডাক পেয়েছেন।  এদিকে মোহামেডান চাইছে আপাতত ফ্রি এজেন্ট থাকা সাকিবকে দলে নিতে। গত বছর নিষেধাজ্ঞার কারণে ২০১৯-২০ মৌসুমে ডিপিএলের কোনো দলেই ছিলেন না সাকিব। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় এখন আর খেলতে বাধা নেই। এই অলরাউন্ডারকে পেতে সবচেয়ে এগিয়ে আছে মোহামেডান। গত বছর তাদের হয়ে খেলা আবদুর রাজ্জাক এখন জাতীয় নির্বাচক। তার জায়গাতেই সাকিবকে নিতে চায়। সাকিবের সঙ্গে আলোচনা অনেকদূর এগিয়েছে মোহামেডানের। ক্লাবের শীর্ষ কর্মকর্তা তরিকুল ইসলাম টিটো জানান, ‘আমরা সাকিবের স্বাক্ষর সংবলিত একটি চিঠি সিসিডিএম বরাবর দিয়েছি। যাতে বলা আছে সাকিব আমাদের হয়ে ডিপিএল খেলতে চায়। গত মৌসুমে সে ফ্রি এজেন্ট ছিল নিষেধাজ্ঞার কারণে। এখন সে খেলার উপযুক্ত হওয়ায় আমরা তাকে নিতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত