টানা পঞ্চমবারের মতো দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন এম. আলম গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল আলম। গতকাল মঙ্গলবার নবনির্বাচিত পরিচালকদের সভায় তাকে সভাপতি নির্বাচন করা হয়। একই সঙ্গে তরফদার মো. রুহুল আমিন সিনিয়র সহ-সভাপতি ও সৈয়দ মোহাম্মদ তানভীর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
চেম্বার সূত্র জানায়, নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে নবনির্বাচিত পরিচালক এ কে এম আক্তার হোসেনের সভাপতিত্বে নির্বাচিত পরিচালকম-লীর মধ্য থেকে সভাপতিমন্ডলীর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে মাহবুবুল আলম সভাপতি, তরফদার মো. রুহুল আমিন সিনিয়র সহ-সভাপতি ও সৈয়দ মোহাম্মদ তানভীর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিটি পদের বিপরীতে সংখ্যা সমান হওয়ায় ২৪ জন পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
