রোনালদোকে নিয়ে জুভেন্তাসে ক্ষোভের আগুন

আপডেট : ১৩ মে ২০২১, ১১:৩৫ পিএম

তবে কি ক্রিস্তিয়ানো রোনালদোর জুভেন্তাস ছাড়া কেবল সময়ের অপেক্ষা? স্পেনের একাধিক সংবাদমাধ্যমের খবর, ক্লাবের মধ্যে নাকি একঘরে হয়ে পড়েছেন রোনালদো। তাকে অতিরিক্ত স্বাধীনতা দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলে বিদ্রোহ ঘোষণা করেছেন কিছু কিছু ফুটবলার।

বুধবার সাসুয়োলোর বিপক্ষে জুভেন্তাসের হয়ে শততম গোল পেয়েছেন রোনালদো। প্রথম চারে থেকে সিরি আ শেষ করার দৌড়েও রয়েছে তার দল। কিন্তু গত সোমবার অনুশীলন করেননি রোনালদো।

সূত্রের খবর, গাড়ি নির্মাতা ফেরারির উৎপাদন কেন্দ্রে গিয়ে নিজের জন্য দামি একটি গাড়ি কেনেন তিনি। তার সঙ্গে গিয়েছিলেন জুভেন্তাসের প্রেসিডেন্ট আন্দ্রেয়া আগনেল্লিও।

এমনও শোনা যাচ্ছে, সেই গাড়িটি নাকি জুভেন্তাস প্রেসিডেন্টই রোনালদোকে উপহার দিয়েছেন। এই খবরেই চটেছেন দলের বাকি খেলোয়াড়রা। তারা কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন।

এর সঙ্গে শোনা যাচ্ছে, মাঠের মধ্যে রোনালদোর ব্যবহারেও অত্যন্ত বিরক্ত জুভেন্তাসের খেলোয়াড়রা। সব মিলেই রোনালদো বিরোধী অশান্তি তীব্র আকার নিয়েছে দলের মধ্যেই।

অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল, রোনালদো জুভেন্তাস ছাড়তে যাচ্ছেন। এসব ঘটনার পর হয়তো রোনালদো সত্যিই এ বার ইতালির সঙ্গে সব সম্পর্কের ইতি টানবেন!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত