জেমি ডের সঙ্গেই ফেরার কথা ছিল তার। কিন্তু রুটিন করোনা পরীক্ষায় ‘আনক্লিয়ার’ ফল আসে স্টুয়ার্ট ওয়াটকিসের। তাই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই সহকারী কোচ ঢাকার বিমান ধরতে পারেননি সেদিন। জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকায় ফিরেছেন এই কোচ।
এক বিবৃতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানায়, ফিফা বিশ্বকাপ কাপ বাছাই পর্বের প্রস্তুতির জন্য বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের ফ্লাইটযোগে রাত ১১.৩০ মিনিটে লন্ডন থেকে ঢাকায় আগমন করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস।
এখন সরকারী নির্দেশনা অনুযায়ী কোয়ারেন্টাইনে থাকতে হবে ওয়াটকিসকে।
গত সোমবার রাতে প্রধান কোচ জেমি ডে ও গোলকিপার কোচ লেস্লে ক্লেভারলি ঢাকায় ফিরে পাঁচ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন। যে পর্ব শেষে রবিবার থেকেই ফুটবলারদের সঙ্গে কাজ শুরু করতে পারবেন তারা। ঈদের ছুটি শেষে ওইদিনই ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে ফুটবলারদের।
