পশ্চিমবঙ্গে স্থগিত মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা

আপডেট : ১৭ মে ২০২১, ০৬:১৩ এএম

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ তীব্র আকার ধারণ করায় আগামী জুন মাসে নির্ধারিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। গত শনিবার রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আগামী দুই সপ্তাহের জন্য লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। এরপরই তিনি জানান, পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে।

আগামী ১ জুন এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। রাজ্য সরকার বলেছে, এ দুই পরীক্ষাসংক্রান্ত বিজ্ঞপ্তি পরে জারি হবে। তবে ইংরেজি মাধ্যমের দিল্লির দুটি শিক্ষা বোর্ড যথাক্রমে আইসিএসই এবং সিবিএসই বোর্ড আগেই তাদের দশম শ্রেণির পরীক্ষা বাতিল করেছিল।

পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা প্রতিদিন বাড়ছে। রাজ্য সরকার এখনো রাশ টানতে পারেনি এই করোনার। তবে করোনার বিরুদ্ধে লড়াই জোরদার করতে রাজ্যে ৩০ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে সরকার।

ঘোষণায় আরও বলা হয়েছে, লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা, ফেরি পরিষেবা বন্ধ থাকবে। বন্ধ থাকবে অটো ও ট্যাক্সি পরিষেবা। সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নয়, এমন সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। পার্ক, চিড়িয়াখানা, অভয়ারণ্য বন্ধ থাকবে। সমস্ত রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে। হাটবাজার খোলা রাখা যাবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। তবে চালু থাকবে হোম ডেলিভারি, অনলাইন পরিষেবা, অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা। খোলা থাকবে ওষুধ এবং চিকিৎসাসামগ্রীর দোকান। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে শপিং মল, রেস্তোরাঁ, বিউটি পার্লার, জিম, বার, সুইমিং পুল, স্পা, স্পোর্টস কমপ্লেক্স, রেস্টুরেন্ট, সিনেমা হল ইত্যাদি। তবে খোলা রাখা হবে হোম ডেলিভারি কার্যক্রম। সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান এবং কোনো জমায়েত করা যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত