এর আগে চারবার এফএ কাপের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি লেস্টার সিটি। সবশেষটি ছিল ১৯৬৯ সালে। ৫১ বছর আবার ফাইনালে উঠে এবার সফল হলো তারা। শনিবার ওয়েম্বলিতে ইউরি টিলেমান্সের একমাত্র গোলে চেলসিকে হারিয়ে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী টুর্নামেন্টের শিরোপার স্বাদ পেয়েছে ১৩৭ বছরের পুরনো ক্লাবটি।
ফাইনালে পুরো ম্যাচ জুড়ে আধিপত্য ছিল চেলসির। ১৩ শটের তিনটি লক্ষ্যে রেখেও গোল করতে পারেনি টমাস টুখেলের শিষ্যরা। লেস্টারের ছয় শটের একটি ছিল লক্ষ্যে। ম্যাচের ৬৩ মিনিটের সেই শটেই গোল করেন বেলজিয়াম জাতীয় দলের মিডফিল্ডার টিলেমান্স। ২০১৮ সালে চেলসির হয়ে ইডেন হ্যাজার্ড, ২০১৯ সালে ম্যানচেস্টার সিটির হয়ে কেভিন ডি ব্রুইনের পর তৃতীয় বেলজিয়ান হিসেবে এফএ কাপের ফাইনালে গোল করলেন তিনি।
থাই ধনকুবের শ্রিবাধানাপ্রভার মালিকের লেস্টার সিটি’র এতদিনকার বড় সাফল্য বলতে ছিল ২০১৫-১৬ সালের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়। এছাড়া তিনবার লিগ কাপ জিতেছে তারা।
