অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে উইন্ডিজের সঙ্গে একটি টেস্ট কমিটি বাড়তি দুটি টি-২০ ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। অবশ্য সিদ্ধান্তটি ক্যারিবীয়দেরও। আগের সূচি অনুযায়ী জুলাই-আগস্টে তিন টেস্ট ও তিন টি-২০ ম্যাচ খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু পাকিস্তানের প্রস্তাবে একটি টেস্টের পরিবর্তে আরও দুটি টি-২০ খেলতে রাজি হয়েছে উইন্ডিজ। সব মিলিয়ে ৫টি টি-২০ হবে ২৭ জুলাই থেকে ৩ আগস্টের মধ্যে বার্বাডোজ ও গায়ানায়। ১২-২৪ আগস্ট দুই টেস্ট হবে জ্যামাইকায়।
পাকিস্তানের আগে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে ৫টি করে টি-২০ এবং ৩টি ওয়ানডে খেলবে উইন্ডিজ। ক্যারিবীয় মৌসুমের শুরুতে আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। সেন্ট লুসিয়ায় ১০-২২ জুন দুটি টেস্ট খেলার পর ২৬ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত গ্রেনাডায় ৫টি টি-২০ খেলবে দক্ষিণ আফ্রিকা। এরপর ৯-১৬ জুলাই সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার সঙ্গে ৫টি টি-২০ খেলবে উইন্ডিজ। এরপর ২০-২৪ জুলাই বার্বাডোজে তিনটি ওয়ানডে।
