আমাকে গ্রেপ্তার করুন : সিবিআইকে মমতা

আপডেট : ১৮ মে ২০২১, ০৩:৪৭ এএম

নারদা কেলেঙ্কারি ইস্যুতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুই মন্ত্রী এবং তৃণমূল ও বিজেপির দুই নেতাকে তুলে নিয়ে গেছে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন)। গতকাল সোমবার সকালে তাদের তুলে নেওয়ার পর সিবিআই অফিসে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাকেও গ্রেপ্তারের কথা বলেন তিনি।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সকালে মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্রকে তুলে আনা হয় সিবিআই দপ্তর নিজাম প্যালেসে। এ ছাড়া তুলে আনা হয় শোভন চট্টোপাধ্যায়কেও। কোনো নোটিস ছাড়া মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে চারজনকে তুলে আনা হয়। পরে গ্রেপ্তার করা হয় তাদের।

সোমবার সকালে ফিরহাদ হাকিমকে বাড়ি থেকে তুলে নেওয়ার পর মমতা ব্যানার্জি তার বাড়িতে যান। এরপর সেখান থেকে তিনি চলে যান সিবিআই অফিস নিজাম প্যালেসে। আসার কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘ওদের সঙ্গে দেখা করতে এসেছি।’ তাদের গ্রেপ্তারকে বেআইনি বলে মমতা বলেছেনÑ যতক্ষণ না তাকে গ্রেপ্তার করা হচ্ছে, ততক্ষণ তিনি নিজাম প্যালেস ছাড়বেন না।

সোমবার সকালে কলকাতার সাবেক মেয়র, তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সকাল ৯টার দিকে তাকে বাড়ি থেকে নিয়ে যায় সিবিআই। বাড়ি থেকে বের হওয়ার সময় ফিরহাদ বলেন, ‘নারদ মামলায় আমাকে গ্রেপ্তার করেছে সিবিআই। বিনা নোটিসে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। স্পিকারের অনুমতি ছাড়াই আমাকে গ্রেপ্তার করা হলো। আদালতে দেখে নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত