সব পরিকল্পনা ভেস্তে গেল মধুমিতার

আপডেট : ১৮ মে ২০২১, ০৫:৫৯ এএম

খোলা চুল, কালো লেহেঙ্গা। তার সঙ্গেই ছোট্ট টিপ এবং মানানসই ঝুমকায় নিজেকে সাজিয়েছেন মধুমিতা সরকার। ইন্সটাগ্রামে সাজের ভিডিও পোস্ট করে বাড়িয়েছেন সহস্র অনুরাগীর হৃৎস্পন্দন। তবে এত সাজগোজ করে কোথাও যাচ্ছেন না টালিউডের ‘চিনি’। বাড়িতে থেকেই বানিয়েছেন রিল ভিডিও। সঙ্গে বার্তা, ‘লকডাউনের ফল। সব বাতিল হয়ে যাওয়া পরিকল্পনাকে চিয়ার্স’। এর সঙ্গেই জুড়ে দিয়েছেন ‘#ঘরপেরহো’। পশ্চিমবঙ্গের চলমান লকডাউন মধুমিতার কোন পরিকল্পনা ভেস্তে দিল তাও জানালেন তিনি নিজেই। ‘কয়েকটা শ্যুট আটকে গিয়েছে। ড্রামস শেখার ইচ্ছা ছিল হলো না। কাজ অনেক কম করেছি।’

অভিনয়ের পাশাপাশি নিউ ইয়র্কের একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র নির্মাণ নিয়ে পড়াশোনা করছেন মধুমিতা। দেড় মাসের একটি কোর্সের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। তাই আপাতত দিন গুনছেন মধুমিতা। পরিস্থিতি কিছুটা ঠিক হলেই উড়ে যাবেন অভিনেত্রী।

অভিনয় জগতে এত সাফল্যের পরেও নতুন করে পড়াশোনা কেন? অভিনেত্রীর কথায়, ‘আমি এমন কিছু জানতে চাই, শিখতে চাই যা আমাকে আমার কাজে সাহায্য করবে।’

‘অভিনয় করতে গেলে ছবি কীভাবে তৈরি হয় সেটাও কিছুটা জানা দরকার। তাহলে পরিচালকের কথা বুঝে নিতে আরও সুবিধা হয়। তাই আমি কাজের ফাঁকেই এ রকম কিছু কোর্স করব বলে ভেবে রেখেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত