চাপে পড়ে পিছু হটলেন ব্যানক্রফ্ট?

আপডেট : ১৮ মে ২০২১, ১০:৩৯ পিএম

কয়েক দিন আগে তিন বছরের পুরোনো ‘স্যান্ডপেপার গেট’ নিয়ে মুখ খুলেছিলেন অন্যতম অভিযুক্ত ক্যামেরন ব্যানক্রফ্ট। বলেছিলেন, বল বিকৃতি যে হচ্ছে এটা দলের অনেকেই জানত। আর তার পরই তীব্র চাপে পড়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সমালোচনা থামাতে শুরু হয় নতুন করে তদন্ত।

দুর্নীতি দমন শাখার অফিসাররা সোমবারই এক দফা জেরা করেছেন ব্যানক্রফ্টকে। তাতে অজি ক্রিকেটার জানিয়েছেন, তার কাছে নতুন কোনো তথ্য নেই। তবে বোর্ডের তদন্তের প্রয়োজনে তিনি যে কোনো সময় কথা বলার জন্য তৈরি আছেন। ব্যানক্রফটের এমন মন্তব্যের পর অনেকেই বলছেন, চাপে পড়ে পিছু হটেছেন তিনি।

কেউ বলছেন, যদি তার কাছে নতুন কোনো তথ্য না-ই থাকবে, তা হলে কীসের ভিত্তিতে তিনি পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছিলেন? কেউ বলছেন, সাক্ষাৎকারে পুরোনো বিতর্ক ফের তুলে আনার জন্যই কি চাপে পড়েছেন তিনি? আর তাই, মুখ বন্ধ করা হয়েছে তাকে?

সব মিলিয়ে ব্যানক্রফ্ট যতই বলুন নতুন কোনো তথ্য নেই, বিতর্ক পিছু ছাড়ছে না ক্রিকেট অস্ট্রেলিয়ার।

ব্যানক্রফ্টটের দাবির পর দেশের একাধিক সাবেক ক্রিকেটার বলতে শুরু করেছিলেন, একটা দল বল বিতর্কের মতো কাণ্ডের সঙ্গে যখন জড়িয়ে পড়ে, তখন শুধু মাত্র তিন জন ক্রিকেটার তা জানতে পারে না। আরো অনেকেই সেটা জানবে। বিশেষ করে, বল বিকৃত করা হত বোলারদের কথা ভেবে। হাত ঘুরে বোলারদের কাছে সেই বল পৌঁছানোর পরও সেই সংশ্লিষ্ট বোলার কিছু বুঝতে পারেননি, তা হতে পারে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত