টিকা রপ্তানি অক্টোবর পর্যন্ত বন্ধ রাখবে ভারত

আপডেট : ১৯ মে ২০২১, ০৩:৪৮ এএম

করোনাভাইরাস প্রতিরোধের টিকা রপ্তানির চলমান নিষেধাজ্ঞা ভারত অক্টোবর পর্যন্ত বহাল রাখতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

সরকারের তিনটি সূত্রের বরাত দিয়ে এতে বলা হয়েছে, অভ্যন্তরীণ সংকটের কারণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পথে হাঁটছে নয়াদিল্লি। প্রত্যাশার চেয়ে টিকা রপ্তানির নিষেধাজ্ঞা দীর্ঘ হতে চলায় বৈশ্বিক কোভ্যাক্স উদ্যোগ সরবরাহ স্বল্পতায় পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের কাছে বিক্রি ও উপহার হিসেবে ৬ কোটি ৬০ লাখ ডোজ টিকা সরবরাহ করেছে ভারত। কিন্তু এক মাস আগে সংক্রমণ বাড়ার ফলে দেশটি টিকা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয়। এতে হঠাৎ করে বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহে বিপাকে পড়ে সংশ্লিষ্ট দেশগুলো।

কোভ্যাক্স উদ্যোগের সহ-নেতৃত্ব দেওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত সোমবার ভারতের টিকা না পাওয়ার বিষয় উল্লেখ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ঘাটতি মেটাতে অন্যান্য দেশের উৎপাদনকারীদের এগিয়ে আসার আহ্বান জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র তিনটি জানায়, ভারতে টিকাদান এখন অগ্রাধিকার পাবে। কারণ, দেশটিতে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়ে গেছে, মৃত্যুতেও প্রতিদিন রেকর্ড হচ্ছে।

রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্তের সমর্থনে একটি সূত্র জানায়, সব দেশকে আনুষ্ঠানিকভাবে আমাদের জানানোর দরকার নেই। এটি করতে আমরা বাধ্যও নই। আমাদের নিজেদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং কয়েকটি দেশকে বর্তমান পরিস্থিতিতে টিকাপ্রাপ্তির প্রত্যাশা না করতে বলা হয়েছে।

তবে অবহিত করা দেশগুলোর নাম বলতে চায়নি ওই সূত্র। অন্য দুটি সূত্র জানায়, রপ্তানি পুনরায় শুরুর সময় ভারতের পরিস্থিতির কারণে বদলে যেতে পারে। এটি নির্ভর করবে কত দ্রুত দেশটি করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে পারে তার ওপর।

ভারতের টিকা রপ্তানি তদারকের দায়িত্বে থাকা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স কোনো সাড়া পায়নি। তবে ভারতের সেরাম ইনস্টিটিউটের এক মুখপাত্র জানান, তারা এখন অভ্যন্তরীণ সরবরাহে মনোযোগ দিচ্ছে। এর আগে জুন থেকে টিকা রপ্তানি পুনরায় শুরুর কথা জানিয়েছিল তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত