আসন্ন বঙ্গবন্ধু প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ঈদের আগে মোহামেডান তাকে দলে নেওয়ার ব্যাপারে আবেদন করে। ছুটির পর সে আবেদন সাধারণ যাচাই-বাছাই শেষে সাকিবকে এই ক্লাবের হয়ে খেলার অনুমতি দেয় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। গত বছর নিষেধাজ্ঞার কারণে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি ছিল না সাকিবের।
সাকিবকে দলে নেওয়ার ব্যাপারে শুরু থেকেই তৎপর মোহামেডান। সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকেই এগোচ্ছিল তারা। সাকিবও অন্য কোনো ক্লাবের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেননি। এতে সাকিবের স্বাক্ষর সংবলিত আবেদনপত্র সিসিডিএম বরাবর পাঠাতে পারে মোহামেডান। সাকিবকে দলে পাওয়ার ব্যাপারে ক্লাবটির কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু দেশ রূপান্তরকে জানানÑ ‘আলহামদুলিল্লাহ, সাকিবকে এই মৌসুমে আমরা পেয়েছি। এজন্য আমাদের খুব একটা প্রতিযোগিতায় পড়তে হয়নি। সাধারণ যাচাই-বাছাই করেই সিসিডিএম সাকিবকে মোহামেডানের হয়ে খেলতে অনুমতি দিয়েছে। এতে আমরা খুবই আনন্দিত। কারণ, আবদুর রাজ্জাক অবসর নেওয়ার পর আমাদের একজন অভিজ্ঞ ক্রিকেটার দরকার ছিল। সাকিবকে পাওয়ায় আমাদের এ লক্ষ্য পূরণ হয়েছে এবং দলও অনেক শক্তিশালী হয়েছে। ২০১০-১১ মৌসুমের পর আবার সে মোহামেডানের হয়ে খেলবে।’
২০১০-১১ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট ‘এ’ ক্রিকেটের অন্তর্ভুক্ত হয়নি। তা হয় আরও তিন মৌসুম পর। সেই মৌসুমে বন্ধু ইংলিশ অলরাউন্ডার মঈন আলিকে ক্লাবটিতে নিয়ে আসেন সাকিব। সে সময় দুজনে একসঙ্গে কাউন্টি দল উস্টারশায়ারের হয়ে খেলতেন। ঢাকার ক্রিকেটে ইংল্যান্ড অলরাউন্ডারের সেবারই শেষ খেলা।
সাকিবকে মোহামেডানের হয়ে খেলতে না দিয়ে উপায়ও ছিল না সিসিডিএমের। সাকিব নিজেই ৯ বছর পর (স্থগিত হওয়া গত আসরের হিসেবে) ডিপিএলে মোহামেডানের হয়ে খেলার অনুমতি চেয়েছেন। তাই আর কোনো ক্লাব তাকে পাওয়ার ব্যাপারে আবেদন করতে পারেনি। তরিকুল ইসলাম টিটু জানালেন, এবার সাকিবকেই দলের নেতৃত্বে দেখা যাবে। ইতিমধ্যে খেলোয়াড় তালিকায় সাকিবকে অন্তর্ভুক্ত করার জন্য নিবন্ধন ফরমও জমা দিয়েছেন তারা। অবশ্য এই মৌসুমে কত পারিশ্রমিকে সাকিবকে নেওয়া হয়েছে তা জানাননি তিনি।
চলতি মৌসুমে ডিপিএলের খেলার জন্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যাননি সাকিব। পিএসএলে লাহোর কালান্দার্সে ডাক পেয়েছেন তিনি। এবারের ডিপিএল শুরু হবে ৩১ মে। গতবারের (২০১৯-২০) স্থগিত লিগটিই পুনরায় হবে এবার। চলমান শ্রীলঙ্কা সিরিজের মাঝেই দলগুলো অনুশীলন শুরু করবে জাতীয় ক্রিকেটারদের ছাড়াই।
