রাজধানীতে ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ১

আপডেট : ১৯ মে ২০২১, ০৬:৪৬ এএম

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে দেশে তৈরি ওয়ান শুটারগানসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. মাহিন হোসেন ওরফে হৃদয় ওরফে বিপ্লব। গত সোমবার রাতে কারওয়ানবাজারের ১নং সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা- পরিচালনার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এদিকে একই এলাকায় একই সময়ে র‌্যাবের পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক বলেন, কয়েকজন সদস্য ছিনতাইয়ের উদ্দেশ্যে কারওরানবাজার এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় ওয়ান শুটারগানসহ সন্ত্রাসী কর্মকা- পরিচালনার অভিযোগে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, এ অস্ত্র ব্যবহার করে হৃদয় ও তার সহযোগীরা কারওয়ানবাজার এলাকায় বিভিন্ন কাঁচামাল ব্যবসায়ীসহ পথচারীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও চাঁদাবাজি করত।

হৃদয় ছিনতাই ছাড়াও চাঁদাবাজি, মাদক ব্যবসা, চুরি, ডাকাতির সঙ্গে সম্পৃক্ত। কারওয়ানবাজার এলাকায় হৃদয় গ্যাং নামে তার একটি কিশোর গ্যাং রয়েছে। এই কিশোর গ্যাং সদস্যরাও বেশিরভাগ সময় সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে সবকিছু ছিনতাই করে নেয় বলে হৃদয় স্বীকার করেছে। তার বিরুদ্ধে রাজধানীর তিনটি থানায় ১২টি মামলার সন্ধান পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত