ভ্যাট, জরিমানা, সুদসহ মোট ৪ কোটি ৬০ লাখ টাকা ফাঁকির অভিযোগে গতকাল মঙ্গলবার দেশি পোশাক কোম্পানি লুবনান ট্রেড কনসোর্টিয়ামের বিরুদ্ধে মামলা করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ।
জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের একটি টিম রাজধানীর গুলশানে লুবনান ট্রেড কনসোর্টিয়ামে অভিযান চালায়। এ সময় দেখা যায় ভ্যাট ফাঁকি দিতে নানা অনিয়মের আশ্রয় নিয়েছে প্রতিষ্ঠানটি। যেমনÑ মাসিক রিটার্নে অসত্য তথ্য দেওয়া এবং ভুয়া ভ্যাট চালান ইস্যু করা। বিভিন্ন মেয়াদে প্রতিষ্ঠানটি মোট ৩ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৮৫৪ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। এতে জরিমানা-সুদ ১ কোটি ১০ লাখ ৬১ হাজার ৫৮৭ টাকা। সব মিলিয়ে মোট ফাঁকি ৪ কোটি ৬০ লাখ ৯ হাজার ৪৪২ টাকা। একজন গ্রাহকের সুনির্দিষ্ট ভ্যাট ফাঁকির অভিযোগে ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক মো. মাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল প্রতিষ্ঠানটির কারখানা এবং অফিসে অভিযান চালায়। প্রতিষ্ঠানটির তিনটি ব্র্যান্ড হলোÑ রিচম্যান আ্যাপারেলস, ইনফিনিটি মেগা মল ও লুবনান এথনিক ওয়্যার। রাজধানীর বড় শপিং মলসহ সারা দেশে ১০৮টি বিপণিকেন্দ্র রয়েছে তাদের। প্রতিষ্ঠানের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ২০১৬ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন সময়ের মোট ১০৮ শাখার জমাকৃত মূসকের সারসংক্ষেপের হিসাব, বাড়ি ভাড়ার চুক্তিপত্র, সিএ ফার্মের অডিট রিপোর্ট, করপোরেট চালানের কপি ও আমদানি এলসিগুলোর তথ্যসহ আনুষঙ্গিক বাণিজ্যিক দলিল জব্দ করা হয়। একই সঙ্গে অন্যান্য নির্ভরযোগ্য দপ্তর থেকে প্রতিষ্ঠানের ভ্যাট সংক্রান্ত দলিল সংগ্রহ করা হয়। তদন্ত শেষে ভ্যাট গোয়েন্দা দল প্রতিষ্ঠানটির মূসক ফাঁকির প্রমাণ পেয়েছে।
তদন্তে দেখা যায়, বিক্রয়মূল্যের বিপরীতে প্রতিষ্ঠানটি ৩৯ কোটি ৮২ লাখ ৫৮ হাজার ৫৬৭ টাকা ভ্যাট পরিশোধ করেছে। কিন্তু প্রতিষ্ঠানটির প্রদেয় ভ্যাটের পরিমাণ ৪১ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৯৯৫ টাকা। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির অপরিশোধিত ভ্যাট বাবদ ১ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৪২৮ টাকার ফাঁকি উদঘাটিত হয়। অন্যদিকে তদন্ত মেয়াদে প্রতিষ্ঠানটির স্থান ও স্থাপনার ভাড়ার বিপরীতে অপরিশোধিত ভ্যাট বাবদ ১ লাখ ১৩ হাজার ৭১২ টাকার ফাঁকি উদঘাটন করা হয়। এছাড়া উৎসে অপরিশোধিত ভ্যাট বাবদ ১ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৭১৫ টাকার ফাঁকির তথ্য মেলে।
