অন্যরকম চুক্তির প্রস্তাব লঙ্কা বোর্ডের

আপডেট : ২১ মে ২০২১, ০৩:২৬ এএম

ক্রিকেটারদের জন্য ভিন্ন ধরনের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাতে নির্দিষ্ট পারিশ্রমিকের চেয়ে বোনাস ও অন্যান্য সুবিধাদি বেশি। তবে এর জন্য বেশি বেশি সিরিজ ও ম্যাচ জিততে হবে দলকে। সঙ্গে নিজেদের দলের প্রতি নিবেদন ও ফিট রাখার বিকল্প নেই। নতুন চুক্তিতে সর্বোচ্চ ১ লাখ ডলার পারিশ্রমিক রাখা হয়েছে ধনঞ্জয়া ডি সিলভা ও নিরোশান ডিকওয়েলার জন্য। এই দুজনই আছেন এ-১ ক্যাটাগরিতে। বাংলাদেশ সিরিজের অধিনায়ক কুশল পেরেরা ও সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস (বাংলাদেশ সিরিজে নেই) ৮০ হাজার ডলারে আছেন এ-২ ক্যাটাগরিতে। ক্রিকেটারদের এই পারিশ্রমিক আগের তুলনায় অর্ধেক কম। আগের চেয়ে চুক্তিতে ক্রিকেটারও কমিয়ে আনা হয়েছে ৩২ থেকে ২৪-এ।

লঙ্কান ক্রিকেটাররা অবশ্য ক্রিকেট বোর্ডের নতুন এই প্রস্তাবে স্বাক্ষর করেননি। বাংলাদেশ সিরিজের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। নতুন চুক্তির এই পরিকল্পনা লঙ্কান ক্রিকেট বোর্ড পরিচালক টম মুডির। এ ছাড়া টেকনিক্যাল কমিটির প্রধান অরবিন্দ ডি সিলভাও আছেন এই পরিকল্পনায়। সাবেক অস্ট্রেলিয়ান টম মুডি জানান, বিশ্বের অনেক বোর্ডের দেখাদেখি তারা এই পথেই হেঁটেছেন। বিগত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ক্রিকেটারদের স্কোর দেওয়া হয়েছে। স্কোর দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হয়েছেÑ পারফরম্যান্সে ৫০ পয়েন্ট, ফিটনেসে ২০ পয়েন্ট, নেতৃত্ব গুণাবলিতে ১০ পয়েন্ট, পেশাদারিত্বে ১০ পয়েন্ট এবং ভবিষ্যৎ কার্যকারিতা ও মানিয়ে নেওয়ার ওপর ভিত্তিতে রাখা হয়েছে ১০ পয়েন্ট। যেহেতু ২০২০-২১ মৌসুমে খুব বেশি ম্যাচ খেলা হয়নি শ্রীলঙ্কানদের, তাই ২০১৯-২০-এর পারফরম্যান্সকেও বিবেচনায় নেওয়া হয়েছে।

ম্যাথিউসসহ অভিজ্ঞ ক্রিকেটারদেরই নতুন চুক্তিতে ক্ষতি হবে। বর্তমান টেস্ট অধিনায়ক করুনারতেœ আছেন এ-৩ ক্যাটাগরিতে। আগে ১ লাখ ডলার পারিশ্রমিক পাওয়া অধিনায়ক এখন পাবেন ৭০ হাজার ডলার। বাংলাদেশ সিরিজের সহ-অধিনায়ক কুশল মেন্ডিসও একই ক্যাটাগরিতে। এছাড়া সুরঙ্গ লাকমলের বেতনও কমে হয়েছে ৬৫ হাজার ডলার।

তবে বাড়ানো হয়েছে বোনাসের পরিমাণ। আগে টেস্ট র‌্যাংকিংয়ের ১ থেকে ৭ নম্বর দলের বিপক্ষে টেস্ট জিতলে পুরো দল পেত ২৫ হাজার ডলার। এখন থেকে ১ নম্বর দলের বিপক্ষে জিতলে পাবে দেড় লাখ ডলার। ২ নম্বর দলের বিপক্ষে ১ লাখ, তিন নম্বর দলের বিপক্ষে ৮০ হাজার। আর ৪ থেকে ৭ নম্বর দলের বিপক্ষে জিতলে ৩০ হাজার ডলার। এছাড়া ম্যাচ ফিও বাড়ানো হয়েছে কিছুটা। টেস্টে আগে ৭ হাজার ডলারের বদলে এখন লঙ্কানরা পাবেন সাড়ে ৭ হাজার। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি আগের মতোই যথাক্রমে ৫ হাজার ও ৪ হাজার ডলার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত