শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, গুণগত মানের শিল্পায়নের পাশাপাশি রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। বিশ্বব্যাপী পণ্যের হালাল সনদের চাহিদা রয়েছে। রপ্তানি বাড়াতে পণ্যের হালাল সার্টিফিকেশন কার্যক্রম গ্রহণ করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
গতকাল বিশ্ব মেট্রোলজি দিবস-২০২১ উপলক্ষে বিএসটিআই আয়োজিত ‘শিল্পোন্নয়নে বঙ্গবন্ধুর ভাবনা : পণ্য ও স্বাস্থ্য সেবায় পরিমাপের গুরুত্ব’ শীর্ষক ভার্চুয়াল সভায় শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআই মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. নজরুল আনোয়ার।
মন্ত্রী বলেন, শিল্পখাতে উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখতে এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়াতে মানসম্মত শিল্পায়নসহ সব রকম পদক্ষেপ নিতে হবে। ওজন ও পরিমাপের বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন, বিভিন্ন রোগব্যাধি, ভাইরাসের গতিবিধি ও বৈশিষ্ট্য নির্ণয়ে স্বাস্থ্যসেবায় ব্যবহৃত চিকিৎসা সামগ্রী এবং সঠিক পরিমাপের উৎপাদন ও ব্যবহার গুরুত্বপূর্ণ। ওজন ও পরিমাপের ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে পণ্য বা মেশিনারির গুণগত মানে হেরফের হয়ে থাকে।
শিল্প সচিব বলেন, পণ্যের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বিএসটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
