সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার ‘দুঃখজনক ও অনভিপ্রেত’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, এ বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আন্তর্জাতিক অঙ্গনে মুখোমুখি হতে হবে। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-গুনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি খুবই দুঃখজনক। কারণ শেখ হাসিনার সরকার সংবাদবান্ধব সরকার। আমরা কখনোই আপনাদের নিষেধ করি না। আমাদের লুকানোর কিছু নেই। যে ঘটনা ঘটেছে, সেটি খুব দুঃখজনক। সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজ করা উচিত ছিল। গুটিকয়েক লোকের জন্য এই বদনামটা হচ্ছে। আমি জানি, পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে আমাদের এটি ফেস করতে হবে। অনেকে প্রশ্ন করবে। আমরা এ ধরনের ঘটনা চাই না। যেহেতু এটি বিচারাধীন বিষয়, সে জন্য বিস্তারিত কথা বলতে চাই না। এটি আমার বিষয় না। কিন্তু এটি অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনা। আমি আশা করব, এ ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে।’
তিনি আরও বলেন, ‘সংবাদমাধ্যম দেশের বিরাট কাজ করছে। তাদের কারণে আমরা বালিশকাণ্ড শুনেছি। আপনাদের কারণে আমরা লাখ টাকার সুপারিগাছের কথা শুনেছি। আপনাদের কারণে সেই সাহেদ করিমের তথ্য পেয়েছি। সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। এসব করে আপনারা সরকারকে খুব সাহায্য করছেন।’
