ফিলিস্তিনের প্রেসিডেন্টকে বিএনপির চিঠি

আপডেট : ২১ মে ২০২১, ০৪:৫০ এএম

আল-আকসা মসজিদসহ পূর্ব জেরুজালেমে গোলাবর্ষণ ও হত্যাযজ্ঞের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে চিঠি পাঠিয়েছে বিএনপি। গত বুধবার বিকেলে ঢাকার বারিধারায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের কাছে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের  লেখা চিঠিটি হস্তান্তর করা হয়। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে মির্জা ফখরুল বলেন, ‘এ কঠিন সময় উত্তরণে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে শক্তি ও সাহস দান করেন।’ বিএনপি মহাসচিব এ বর্বরোচিত হামলায় মাহে রমজানে আল-আকসা মসজিদের পবিত্রতা নষ্ট এবং ফিলিস্তিনি পরিবারগুলোকে তাদের বসতি থেকে উচ্ছেদ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলেও চিঠিতে উল্লেখ করেন।

বিএনপি মহাসচিব আল-আকসা মসজিদ ও পূর্ব জেরুজালেম এলাকায় নিরপরাধ মানুষের ওপর গোলাবর্ষণ ও হত্যাযজ্ঞের ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার ভূমিকা পালন এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের ঘোষণার আলোকে ওই এলাকায় ফিলিস্তিনিদের সব ধরনের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি বিএনপি এবং বাংলাদেশের জনগণের সমর্থনের বিষয়টি ফিলিস্তিনের প্রেসিডেন্টকে বিএনপি মহাসচিবের চিঠিতে পুনর্ব্যক্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত