মৌসুমের শেষ ম্যাচে খেলবেন না মেসি

আপডেট : ২২ মে ২০২১, ০২:০৪ এএম

এবারের লা লিগা শিরোপার দৌড়ে নেই বার্সেলোনা। লিগের ৩৭তম রাউন্ডে সেলতা ভিগো ২-১ গোলে হারায় বার্সেলোনাকে। আর জয়ের ধারা বজায় রাখে আতলেতিকো ও রিয়াল মাদ্রিদ। তাতে নিশ্চিত হয়ে যায় কাতালানদের লিগ শিরোপা থেকে ছিটকে যাওয়া। আজ লিগের শেষ ম্যাচে এইবারের মাঠে খেলবেন না লিওনেল মেসি।

গতকাল ম্যাচের স্কোয়াড ঘোষণার সময়ই বার্সেলোনা নিশ্চিত করে মেসির না থাকার বিষয়টি। বার্সার পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার কোচের অনুমতি নিয়ে দলের অনুশীলনে যোগ দেননি মেসি। শনিবার (আজ) এইবারের বিপক্ষে ম্যাচের স্কোয়াডেও রাখা হবে না তাকে। পরে স্কোয়াড ঘোষণা করা হলে সেখানে ছিল না মেসির নাম। আগামী মাসেই শুরু হবে কোপা আমেরিকা। আর্জেন্টিনা দলেরও অধিনায়ক মেসি। এই টুর্নামেন্টের আগে মেসিকে বিশ্রাম দিতেই এইবারের সঙ্গে ম্যাচে মেসিকে রাখা হবে না বলে জানিয়েছে বার্সেলোনা। এদিকে এই জুনেই মেসির সঙ্গে চুক্তি শেষ হবে বার্সেলোনার। নতুন চুক্তির বিষয়ে এখনো কোনো সুরাহা হয়নি। যদি মেসি চুক্তি নবায়ন না করে বার্সেলোনা ছেড়ে যান, তাহলে মেসি শেষ ম্যাচ খেলে ফেলেছেন কাতালান ক্লাবটির হয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত