বিবিসির সাংবাদিকের প্রতারণাপূর্ণ সাক্ষাৎকারের কারণে বাবা-মায়ের সম্পর্কের অবনতি হয়েছিল বলে জানিয়েছেন প্রিন্সেস ডায়ানার ছেলে প্রিন্স উইলিয়াম। সম্প্রতি এক তদন্তে দেখা গেছে, ১৯৯৫ সালে ডায়ানার এক সাক্ষাৎকার নিতে গিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছিল বিবিসি। এর প্রতিক্রিয়ায় প্রিন্স উইলিয়াম বলেছেন, সবচেয়ে দুঃখের বিষয় হলো তার মা কখনো জানতে পারেননি তিনি প্রতারিত হয়েছিলেন।
এদিকে পৃথক এক বিবৃতিতে প্রিন্স হ্যারি বলেছেন, তার মা শোষণের সংস্কৃতি এবং অন্যায় চর্চার প্রভাবের শিকার হয়েছিলেন। একই ধরনের চর্চা আজও চলছে বলেও মন্তব্য করেন তিনি।
১৯৯৫ সালে ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানা বিবিসি প্যানারোমাকে একটি বিস্ফোরক সাক্ষাৎকার দেন। সাংবাদিক মার্টিন বশিরকে দেওয়া ওই সাক্ষাৎকারে দাম্পত্যে ভাঙনের কথা প্রথম স্বীকার করেছিলেন। ডায়ানার ভাই চার্লস স্পেনসার গত বছর নভেম্বরে বেশ কয়েকবার অভিযোগ করেন সাক্ষাৎকারটি নিতে অনৈতিক পথ ধরেছিলেন সাংবাদিক। এরপরই বিবিসি সেই সত্য সন্ধানে তদন্ত শুরু করে।
সাবেক বিচারক লর্ড ডাইসনকে প্রধান করে নভেম্বরেই স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিবিসি। গত বৃহস্পতিবার ডাইসনের তদন্ত প্রতিবেদনে উপসংহার টেনে বলা হয়েছে, সাংবাদিক মার্টিন বশির ভুয়া ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছিলেন ডায়ানার ভাই জন স্পেনসারকে। যাতে ডায়ানার সঙ্গে সাক্ষাৎকারের আয়োজন করে দিতে উদ্যোগী হন স্পেনসার।
প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিক বশির জাল নথি ব্যবহার করেছিলেন এবং বিবিসির ম্যানেজারদের কাছে পরে এ নিয়ে মিথ্যা বলেছিলেন। বিবিসি বলেছে, তদন্ত প্রতিবেদনে ‘ব্যর্থতার আলামত স্পষ্ট হয়েছে। আমরা এজন্য অত্যন্ত দুঃখিত’। সাংবাদিক বশিরও জাল নথি ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন।
তদন্ত প্রতিবেদন প্রকাশের পর ডায়ানার ছেলে প্রিন্স উইলিয়াম বলেন, তার মা কেবলমাত্র এক খারাপ সাংবাদিকের কারণে ব্যর্থ হননি, বিবিসির বসরাও এজন্য দায়ী। ১৯৯৭ সালে গাড়ি দুর্ঘটনায় মায়ের মৃত্যুর জন্য বিষাক্ত সংস্কৃতিকে দায়ী করেন তার আরেক ছেলে প্রিন্স হ্যারি। তিনি বলেন, ‘আমাদের মা এই সংস্কৃতির কারণেই প্রাণ হারিয়েছেন, আর আজও কিছু বদলায়নি। তার উত্তরাধিকার সুরক্ষার মাধ্যমে আমরা সবাইকে রক্ষা করি আর তিনি যে মর্যাদার জীবনযাপন করে গেছেন তা সমুন্নত রাখি।’
