লামায় প্রবাসীর বাড়ি থেকে স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার

আপডেট : ২২ মে ২০২১, ০৩:০৮ এএম

বান্দরবানের লামা পৌরসভায় এক কুয়েতপ্রবাসীর বাড়ি থেকে তার স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাইরে থেকে বন্ধ করা ঘর থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চম্পাতলিপাড়ার কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বাড়ি বাইরে থেকে সারা দিন বন্ধ ছিল। বিকেলে পাড়ার লোকজন ও আত্মীয়দের সন্দেহ হয়। পরে জানালায় উঁকি দিয়ে প্রথমে দুই সন্তানের লাশ দেখতে পাওয়া যায়। এ সময় থানায় সংবাদ দিলে পুলিশ এসে দরজা ভেঙে প্রবাসীর স্ত্রী মাজেদা বেগম (৪০), এসএসসি পরীক্ষার্থী মেয়ে রাফি (১৬) ও নয় মাস বয়সী নুরির লাশ উদ্ধার করে। নুর মোহাম্মদ কুয়েতে রয়েছেন। প্রবাসী নুর মোহাম্মদের ছোট ভাই আবদুল খালেক জানান, তার ভাবি মাজেদা বেগম তিন মেয়ে ও মাকে নিয়ে লামা পৌরসভার চম্পাতলিপাড়ার বাড়িতে থাকেন। বৃহস্পতিবার তার বড় মেয়ে ও মা আলীকদমে বেড়াতে গিয়েছিলেন। তারা সেখান থেকে ফেরেননি। দুই মেয়ে নিয়ে বাড়িতে ছিলেন মাজেদা বেগম।

লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বশির আহম্মদ জানিয়েছেন, মা-মেয়ে তিনজনের লাশ বাড়ি থেকে পাওয়া গেছে। তবে কে, কখন ও কেন তাদের হত্যা করেছে জানা যায়নি।

লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘরের বিভিন্ন অংশে ভাঙচুরের আলামত পাওয়া গেছে। বিস্তারিত পরবর্তী তদন্ত করে জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত