বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেওয়া করোনাভাইরাসের প্রকৃত পরিসংখ্যান নিয়ে শুরু থেকেই আছে সংশয়। বিভিন্ন দেশের সরকারের বিরুদ্ধে করোনায় আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত তথ্য না প্রকাশ করার অভিযোগও আছে। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) সেই সংশয় প্রকাশ করে জানাল, বিশ্বজুড়ে করোনায় মৃতদের প্রকৃত সংখ্যাটা প্রকাশিত সংখ্যার কয়েকগুণ বেশি হতে পারে। সংস্থাটির শঙ্কা এই সংখ্যা ৮০ লাখেরও বেশি হতে পারে!
গতকাল শুক্রবার ডব্লিউএইচও তাদের ‘বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান’ বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এই সংশয় প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গতকাল পর্যন্ত বিশ^জুড়ে করোনায় মারা গেছে প্রায় সাড়ে ৩৪ লাখ মানুষ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে মৃত ব্যক্তিদের সংখ্যা সরকারি পরিসংখ্যানে ‘উল্লেখযোগ্যভাবে কম’ দেখানো হয়ে থাকতে পারে। সংস্থাটির ধারণা, এই ভাইরাসে সংক্রমিত হয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মারা যাওয়া ব্যক্তিদের প্রকৃত সংখ্যা প্রকাশিত সংখ্যার চেয়ে দুই-তিন গুণ বেশি হতে পারে।
প্রতিবেদনে সংস্থাটি বলেছে, সরকারি হিসাবে ২০২০ সালে কভিড-১৯ মহামারীতে মারা যায় ১৮ লাখ। তবে ডব্লিউএইচওর ধারণা সংখ্যাটি আরও ১২ থেকে ৩০ লাখ বেশি হতে পারে।
জাতিসংঘের এই সংস্থাটি বলেছে, ‘করোনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মারা যাওয়া ব্যক্তিদের যে পরিসংখ্যান আমরা জানতে পারছি, তাতে গুরুত্বপূর্ণ ঘাটতি রয়েছে।’ সংস্থার উপাত্ত ও তথ্য বিশ্লেষণ শাখার সহকারী মহাপরিচালক সামিরা আসমা বলেন, ‘করোনার নতুন ধরনগুলোতে এশিয়া ও লাতিন আমেরিকায় মৃত্যুর ঘটনা বাড়ছে। এ মহামারীতে মৃতের সংখ্যা সত্যিকার অর্থে দুই থেকে তিন গুণ বেশি হবে। আমি মনে করি, মৃতের সংখ্যা আনুমানিক ৬০ থেকে ৮০ লাখ বিবেচনা করাটা নিরাপদ হবে।’
অনেক দেশেই মৃত্যুর ঘটনা নথিভুক্ত করার গ্রহণযোগ্য পদ্ধতির অভাব রয়েছে এবং অনেক ঘটনায় করোনা পরীক্ষার আগেই এ ভাইরাসে আক্রান্ত হওয়া লোকজন মারা গেছেন বলে মত সংস্থাটির।
সংস্থার তথ্য-উপাত্ত বিশ্লেষক উইলিয়াম সেমবুরি বলেন, করোনায় মারা গেছেন অথচ খবর প্রকাশিত হয়নি ও এই মহামারীতে পরোক্ষভাবে মারা গেছেন; যেমন হাসপাতালে সক্ষমতার ঘাটতি, চলাচলের ওপর বিধিনিষেধ ও অন্যান্য কারণে স্বাস্থ্যসেবা বিভাগের শরণাপন্ন হননিÑ এমন মানুষের সংখ্যা অনুমিত বর্ধিত পরিসংখ্যানে বিবেচনায় নেওয়া হয়েছে।
এমনকি তুলনামূলকভাবে গ্রহণযোগ্য প্রতিবেদন তৈরির (নথিভুক্তকরণ) ব্যবস্থা রয়েছে, সম্ভবত এমন দেশেও সরকারিভাবে কম মৃতের সংখ্যা নথিভুক্ত হয়েছে।
ডব্লিউএইচওর ধারণা, ২০২০ সালে ইউরোপের দেশগুলোতে করোনায় মৃত মানুষের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে ১১ থেকে ১২ লাখ বেশি, যা প্রকাশিত সংখ্যা ৬ লাখের দ্বিগুণ। যুক্তরাষ্ট্রে ২০২০ সালে বাড়তি মৃত মানুষের সংখ্যা ১৩ থেকে ১৫ লাখ, যা পূর্বঘোষিত সংখ্যা ৯ লাখের চেয়ে ৬০ শতাংশ বেশি।
