অপরাধীকে আইনের আওতায় আনা হচ্ছে : কাদের

আপডেট : ২২ মে ২০২১, ০৩:০৯ এএম

আওয়ামী  লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুশাসনের স্বার্থে অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনা হচ্ছে। দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সরকার নিজ দলেরও কাউকে ছাড় দিচ্ছে না। গতকাল শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

দুর্নীতি যেন প্রকাশ না পায় সে জন্য নাকি সরকার গণমাধ্যমের ওপর আঘাত হেনেছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাহলে বিএনপি আমলের সাংবাদিক শামসুর রহমান, মানিক সাহা, হুমায়ুন কবির বালুসহ বেশ কিছু সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। অনেককে নির্যাতন করা হয়েছিল। তাহলে কি বিএনপি তাদের দুর্নীতি ঢাকতেই এসব সাংবাদিককে নৃশংসভাবে হত্যা ও নির্যাতন করেছিল?

সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও সুস্পষ্ট।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি মহাসচিব আন্দোলনের কথা বলছেন, কিন্তু আন্দোলন করার মতো শক্তি ও সামর্থ্য কি তাদের আছে? যারা দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিল পর্যন্ত করতে পারেনি, তাদের মুখে আন্দোলন-সংগ্রামের কথা মানায় না। তাদের আন্দোলনে জনগণ এখন আর সাড়া দেয় না। বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন-গর্জনই সার।’

জনগণ নাকি সরকারের পাশে নেই মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনই যদি মাপকাঠি হয় তাহলে সাম্প্রতিকালের প্রায় সব নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুুশ বিজয়ই প্রমাণ করে এ দেশের মানুষ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনের সঙ্গে আছে। পরবর্তী সাধারণ নির্বাচন যথাসময়ে হবে এবং তখনই প্রমাণিত হবে এ দেশের জনগণ শেখ হাসিনা সরকারের সঙ্গে আছে কি নেই।’

বিএনপি ‘গলাবাজি’ করলেই সরকার জনবিচ্ছিন্ন হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ দেশের ইতিহাসে বিএনপির মতো ব্যর্থ বিরোধী দল একটিও নেই। আওয়ামী লীগের শিকড় এ দেশের মাটি ও মানুষের অনেক গভীরে। প্রতিটি দুর্যোগ-দুর্বিপাকে আওয়ামী লীগই প্রথম মানুষের পাশে দাঁড়িয়েছে।

সাম্প্রতিককালে স্থানীয় সরকার নির্বাচন ও বিভিন্ন উপনির্বাচনে বিএনপির ভরাডুবিই প্রমাণ করে জনগণ তাদের সঙ্গে নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত এবং তাদের নেতিবাচক রাজনীতির কারণে জনগণের থেকে বিচ্ছিন্ন। দেশে এখন অন্ধকার নেই; বরং বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় সরকার বিদ্যুৎ উৎপাদনব্যবস্থায় যে অন্ধকারে রেখে যায়, সেখান থেকে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন আলোর পথে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, করোনার ধাক্কা সামলিয়ে বাংলাদেশের অর্থনীতি এখন গতিশীল। করোনা সংকটেও জনগণের মাথাপিছু আয় ২২২৭ ইউএস ডলারে পৌঁছেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত