তির্যক নাট্যগোষ্ঠীর ‘মঞ্চালোকে ৪৭’

আপডেট : ২২ মে ২০২১, ০২:১৯ পিএম

করোনাকালে জনজীবনে স্থবিরতার মাঝে আয়োজিত হলো তিযর্ক নাট্যগোষ্ঠীর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। লকডাউনের কারণে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সদস্যদের অনলাইনের মাধ্যমে যুক্ত করে ১৬ মে, রাত ৮.৩০ মিনিটে উদ্‌যাপিত হয় ‘মঞ্চালোকে ৪৭’।  

‘ম্যাঙ্গো পিপল’র (Mango People) কারিগরি সহায়তায় ১ ঘণ্টা ৩০ মিনিটের অনুষ্ঠানটি তিযর্ক নাট্যগোষ্ঠীর ফেইসবুক গ্রুপে লাইভ সম্প্রচার করা হয়।  

সাঈদ হিরোর পরিকল্পনায় শাহরিয়ার হান্নানের সঞ্চালনায় প্রথমে তিযর্ক নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য রবিউল আলমকে যুক্ত করা হয় লাইভে। নাট্যসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তির জন্য তাকে অভিনন্দন জানানো হয়। তিনি সংক্ষিপ্তভাবে তিযর্কের শুরুর দশকের প্রযোজনা, উল্লেখযোগ্য অর্জন, তার প্রত্যাশা তুলে ধরেন ও দর্শকদের শুভেচ্ছা জানান।

তির্যক লিটল থিয়েটারের সদস্য রুমানা শফি যুক্ত হয়ে লিটল থিয়েটারের স্মৃতি ও এর প্রাসঙ্গিকতা আলোচনা করেন। তিনি ‘কাঠের ঘোড়া’ নাটকের একটি গান গেয়ে শোনান। এরপর যুক্ত হন সিনিয়র সদস্য ও চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম’র সভাপতি খালেদ হেলাল। নাহিদা আক্তার মুন্নী যুক্ত হয়ে তিযর্ক নাট্যগোষ্ঠীতে পারিবারিক আবহের বিষয়টি আলোচনা করেন ও দ্বিতীয় দশকের প্রযোজনা সমূহের ওপর আলোকপাত করেন। তিনি ও নাসরিন আক্তার হীরা ‘তীর্থযাত্রা’ নাটকের অংশ বিশেষ পাঠ করেন।

তৃতীয় দশকের প্রযোজনা নিয়ে কথা বলেন ইরশাদ উল্লাহ সাঈদ হিরো। ‘সত্তান্ধ' নাটকের অংশ বিশেষ পাঠ করেন শাহরিয়ার হান্নান। তির্যক নাট্যগোষ্ঠীর সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক শামীম হাসান যুক্ত হয়ে তার থিয়েটার জীবন ও তার নির্দেশিত নাটক ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’ এবং ‘সত্যসন্ধ’নিয়ে আলোচনা করেন। ‘নননপুর….’ ও ‘রোমিও জুলিয়েট’ নাটকের অংশ বিশেষ পাঠ করে শোনান তিনি।

সবশেষে সঞ্চালক শাহরিয়ার হান্নান সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনার কারণে জনজীবনের সঙ্গে থিয়েটার চর্চায় যে বিরতি ও অনিশ্চয়তা দেখা দিয়েছে তার বিকল্প উপায় খুঁজতে গিয়ে ও সকলকে যুক্ত রাখার প্রয়াসে অনলাইনে তিযর্ক নাট্যগোষ্ঠীর ৪৭ বছর পূর্তি উদ্‌যাপনের প্রচেষ্টা নেওয়া হয়। সকলের মিলিত প্রচেষ্টায় এই করোনাকালে থিয়েটার তার আপন শক্তিতে পথ খুঁজে নেবে। তিযর্কের প্রত্যাশার পূর্ণতা এখনো অনেক দূরে। পথ চলায় তাই আজও বিরাম নেই। সহৃদয় দর্শকের শুভাশীষ নিয়ে তিযর্ক আজও নাটকের মুকুরে স্বরূপ দর্শনে এগিয়ে যাবে।

লাইভ আয়োজন ছাড়াও সপ্তাহব্যাপী তির্যক নাট্যগোষ্ঠীর ফেসবুক গ্রুপে নাট্যজনদের ভিডিও শুভেচ্ছা, তির্যক সদস্যদের ভিডিও উপস্থাপনা এবং নাটক ‘সত্তান্ধ’ ও ‘স্বপ্নবৎ’ প্রচার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত