কৃষ্ণার হ্যাটট্রিকে বসুন্ধরার বড় জয়

আপডেট : ২২ মে ২০২১, ০৮:৩৪ পিএম

‘লকডাউন বিরতি’র পর মাঠে ফিরেই মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলে বড় জয় পেল বসুন্ধরা কিংস।

শনিবার এফসি ব্রাহ্মণবাড়িয়াকে ৬-০ গোলে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। হ্যাটট্রিক করেন কৃষ্ণা রানী সরকার। এ ছাড়া শামসুন্নাহার জুনিয়র দুটি ও মারিয়া মান্দা একটি গোল করেন।

এবারের আসরে বসুন্ধরার এটি ছিল তৃতীয় ম্যাচ। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ৩১ গোল দিল দলটি। বিপরীতে হজম করেছে মাত্র এক গোল।

লকডাউনের কারণে দেড় মাসের বেশি সময় স্থগিত ছিল খেলা। দ্বিতীয় রাউন্ডের মাঝ পথেই খেলা স্থগিত হয়। বসুন্ধরা বিরতির আগে দুটি ম্যাচ খেলেছিল। উদ্বোধনী ম্যাচে সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাবকে ১৪-০১ গোলে বিধ্বস্ত করে

নিজেদের দ্বিতীয় ম্যাচে কিংসরা ১১-০ গোলে হারায় কাচিঝুলি স্পোর্টিং ক্লাবকে।

এদিন হ্যাটট্রিক পাওয়া কৃষ্ণার তিন ম্যাচে গোল দাঁড়াল ১০টি। সদ্যপুস্করিণীর বিপক্ষে প্রথম কৃষ্ণা একাই করেন ৭ গোল। দ্বিতীয় ম্যাচে অবশ্য জালের দেখা পাননি তিনি।

এদিকে দিনের অন্য ম্যাচে আতাউর রহমান ভূইয়া কলেজ এসসি ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাবকে।

আতাউর রহমান ভূইয়া কলেজের পক্ষে শাজেদা আক্তার রিপা ও আনুচিং মোগিনী হ্যাটট্রিক করেন। এছাড়া আকলিমা খাতুন ২টি, মার্জিয়া, শাজেদা খাতুন ও স্বপ্না রানী একটি করে গোল করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত