ভারতে কালো ছত্রাকের পর এবার সাদা ছত্রাকের আতঙ্ক

আপডেট : ২২ মে ২০২১, ১০:২৩ পিএম

করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে কালো ছত্রাকের প্রাদুর্ভাবের পর এবার সাদা ছত্রাকের আতঙ্ক দেখা দিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কালো ছত্রাক বা মিউকরমাইকোসিসের চেয়েও এটি মারাত্মক।

হিন্দুস্তান টাইমস জানায়, সম্প্রতি বিহারে চার জনের শরীরে সাদা ছত্রাক সংক্রমণ শনাক্ত হওয়ার খবর পাওয় গেছে। তবে, সাদা ছত্রাকের সংক্রমণের ব্যাপারে সরকারিভাবে এখনও কোনো ঘোষণা আসেনি।

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের মধ্যেই মিউকরমাইকোসিস বা কালো ছত্রাককে মহামারি হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র সরকার। গত বৃহস্পতিবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এটিকে মহামারি হিসেবে ঘোষণা করার আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকার জানায়, কোথাও কালো ছত্রাকের সংক্রমণ দেখা গেলে জরুরিভিত্তিতে তিন দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের অথবা ২৪ ঘণ্টার মধ্যে সরকারকে জানাতে হবে।

ইন্ডিয়ান মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের মহাপরিচালক ড.‌ বলরাম ভার্গব বলেন, ‌ছত্রাক কতটা সংক্রামক হবে, সেটা তার রঙের বৃদ্ধির উপর নির্ভর করে। তবে সাদা ছত্রাকের বিষয়ে বিশেষভাবে কিছু উল্লেখ না করে তিনি বলেন, স্যাঁতসেঁতে জায়গায় ছত্রাকের সংক্রমণ একটি সাধারণ ঘটনা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা কালো ছত্রাকের চেয়ে সাদা ছত্রাককে আরও বেশি বিপজ্জনক বলে মনে করছেন। কারণ, এটি ফুসফুসের পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন ত্বক, পেট, কিডনি, মস্তিষ্ককে সংক্রামিত করতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত