ব্যবসা আর অভিনয় সমানতালে চলবে

আপডেট : ২৩ মে ২০২১, ০১:০৭ এএম

গুণী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ঈদে তার অভিনীত ওয়েব অরিজিনালস ‘আলিবাবা ও চালিচার’ প্রশংসিত হয়েছে। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন রণ

আলিবাবা ও চালিচার...

বঙ্গ বিডির ‘বেইজড অন বুকস’ শীর্ষক প্রজেক্টটি দর্শকের দৃষ্টি কেড়েছে। তাতে সমকালীন সাত সাহিত্যিকের বই নিয়ে সাতটি ওয়েব অরিজিনালস নির্মিত হয়েছে। আমি করেছি শিবব্রত বর্মণের বই থেকে অনিমেষ আইচের পরিচালনায় ‘আলিবাবা ও চালিচার’। শিবব্রত বর্মণ আমার অন্যতম পছন্দের লেখক। আর নির্মাতা অনিমেষ আইচের প্রতি আস্থা ছিল বলেই তিন বছর পর ছোটপর্দায় কাজ করেছি। আমি এতে গৃহিণী চরিত্রে অভিনয় করছি। পুরো গল্পে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক আবহ রয়েছে। এতে ধনী-গরিব দুই শ্রেণির দুটি পরিবারের গল্প পাওয়া যাবে। আমার সহশিল্পী ছিলেন নূর ইমরান মিঠু, আশনা হাবিব ভাবনাসহ আরও কয়েকজন। আমি জানতাম, এ ধরনের কাজ ভিউয়ের পেছনে ছোটা দর্শকের পছন্দ হবে না। কিন্তু ইউনিক গল্প, নির্মাণশৈলী ও অভিনয়শিল্পীদের পারফরম্যান্স সব মিলিয়ে কাজটি আমার প্রত্যাশার চেয়ে বেশি প্রশংসা এনে দিয়েছে। প্রায় সব শ্রেণির দর্শক কাজটি দেখেছে।

এখন...

এখন আমি গ্রামের বাড়ি ময়মনসিংহে রয়েছি। অনেকেই জানেন, এখানেও আমার আলাদা জগৎ তৈরি হয়েছে। কৃষিবিষয়ক ব্যবসা শুরু করেছি। সব মিলিয়ে সময় খারাপ কাটছে না।

খনা অর্গানিক...

আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম ‘খনা অর্গানিক’। আমাদের দেশের মানুষ রাসায়নিকমুক্ত, নির্ভেজাল, সতেজ খাবার খেতে পারে না। ভেজাল আর রাসায়নিকযুক্ত খাবারে বাজার সয়লাব। আমার বাড়ি ময়মনসিংহ। আমি চেষ্টা করছি ময়মনসিংহের সতেজ, কেমিক্যালমুক্ত, নির্ভেজাল খাবারের একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম প্রস্তুত করতে। এতে সবজি, দেশি মাছ-মুরগিসহ নানা ধরনের অর্গানিক খাবার থাকবে। মাছের ব্যবসার আইডিয়াটা আমার মাথায় হঠাৎ করেই এসেছে বলতে পারেন। ব্রহ্মপুত্রের একটা শাখা নদী জল বুরুঙ্গার ৯০ একর জায়গা লিজ নিয়েছি। জল বুরুঙ্গার বড় বড় বোয়াল ও নানা প্রজাতির টাটকা মাছের চাহিদা অনেক। আমার একজন সরকারি কর্মকর্তার সঙ্গে মিটিং ছিল। জল বুরুঙ্গার পাড়ে মিটিং করতে গিয়ে তিনি জানালেন, লিজ নেওয়ার মানুষ পাচ্ছেন না। নদী কচুরিপানায় ভরে গেছে, পরিষ্কার করা হচ্ছে না। যেহেতু আমি কৃষিপণ্য নিয়ে কাজ করছি, তিনি আমাকে লিজ নিতে বললেন। নদীর বড় বড় বোয়াল, হরেক রকমের তাজা মাছ দেখে মনে হলো নিয়ে নেই। পরদিনই অফিশিয়ালি লিজ নিয়ে নিলাম।

ব্যালেন্স...

আমি ব্যবসা আর অভিনয় সমানতালে চালিয়ে যেতে চাই। আমার প্রযোজনা সংস্থা নিয়েও সিরিয়াস হচ্ছি। সামনে ভালো ভালো কাজ আসবে। তখন সবকিছু ঘটা করে জানাব। অনুদানের জন্য একটা চলচ্চিত্র জমা দিয়েছি। সেটা পেলেই কাজ শুরু করব। এখন পুরোপুরি ব্যবসা আর চলচ্চিত্রে সময় দিতে চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত